বিনোদন ডেস্ক- খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, পরী মণি ও জিয়াউল রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ২১ জানুয়ারি। গতকাল সন্ধ্যায় সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে।
সরকারি অনুদানের এই সিনেমা নির্মাণ করছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ। তাঁর লেখা উপন্যাস ‘পেজ নম্বর ফোরটি ফোর’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি।
পোস্টারের বেশির ভাগ অংশজুড়ে রয়েছেন অভিনেতা মোশাররফ করিম। গভীর চিন্তায় মগ্ন তিনি। আর তার দুই পাশে ছোট ছোট করে জায়গা করে নিয়েছেন পরীমনি ও রোশান।
জানা গেছে, ছবির সম্পাদনা ও ডাবিং শেষ হয়েছে। সংগীতের কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে সেন্সরে জমা পড়বে। এটি শুভর প্রথম ছবি। স্বভাবতই দারুণ উচ্ছ্বসিত তিনি।
বলেন, ‘আমার প্রথম সিনেমা। প্রথম সন্তানের মতো। ফার্স্টলুক প্রকাশের মধ্য দিয়ে সিনেমার অফিশিয়াল প্রচার ও মুক্তির প্রক্রিয়া শুরু হলো।’ জানালেন, এই মাসেই ছবির আরেকটি পোস্টার প্রকাশ করা হবে। ১ জানুয়ারি প্রকাশ পাবে ছবির ট্রেলার।
পরিচালক জানালেন, সব ঠিকঠাক থাকলে আগামী ২১ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পরিচালক বলেন, ‘ডিসেম্বরের মধ্যে এসএসসি, এইচএসসি পরীক্ষা শেষ হবে। তা ছাড়া ছবির গল্পে বইমেলার একটি ব্যাপারও আছে। ফেব্রুয়ারির বইমেলার সময়টাও ধরতে চাই।’
পরীমনিকে শেষ পর্দায় দেখা গিয়েছে ২০২০ সালের ডিসেম্বরে। মুক্তি পায় তার অভিনীত সিনেমা বিশ্বসুন্দরী। এরপর করোনার দ্বিতীয় ঢেউ ও ব্যক্তিগত নানা সমস্যায় জড়িয়ে পড়েন তিনি।
তবে সবকিছু কাটিয়ে অভিনেত্রী এখন নিয়মিত শুটিং করছেন। আসছে নতুন বছরের প্রথম মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা। সব মিলিয়ে আবারও নিজের রূপেই ফিরছেন পরী।
এ সিনেমার মাধ্যমে অনেক দিন পর বড় পর্দায় দেখা যাবে মোশাররফ করিমকে। গুরুত্বপূর্ণ ও রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। পোস্টারে লেখা, ‘কী লুকিয়ে আছে পেইজ নম্বর 44 এ’।
