মোংলায় বিদেশি জাহাজের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ৫

শেখ রাসেল, বাগেরহাট জেলা প্রতিনিধি- মোংলা বন্দরের হারবাড়িয় এলাকায় একটি বানিজ্যিক জাহাজের ধাক্কা লেগে এমবি ফারদিন ১ নামক কয়লা বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। নিখোঁজ লাইটারের পাঁচ কর্মচারী।

 

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে নয়টায় ওই বাল্কহেড ডুবির ঘটনা ঘটে।

 

বন্দরের হারবাড়িয়া ৯ নাম্বারে অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজ এমভি এলিনা বি থেকে কয়লা বোঝাই করে ঢাকা মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমবি ফারদিন ১ বাল্কহেডটি। ওই সময় বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করার সময় বিদেশী বানিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্ক নামক জাহাজের সাথে ধাক্কালাগে কয়লা বোঝাই বাল্কহেডটির।

 

এরপর আস্তে আস্তে পানি ডুকে বাল্কহেডটির পিছনের অংশ ডুবে যায়। এসময় স্টিভিডরিং কোম্পানী মেসার্স টি হক এর লঞ্চ এসে লাইটারের দুই কর্মচারী ও এক আনসার (বোঝাইকৃত পন্য পাহারাদার) কে উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছে বাল্কহেডের পাঁচ কর্মচারী।

 

এমভি এলিনা বি নামক বিদেশী জাহাজের কয়লা খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স টি হক কোম্পানীর সুপার ভাইজর মোঃ লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

লোকমান হোসেন আরো জানান, দুর্ঘটনার পর তিনি বাংলাদেশ কোস্টগার্ড, নৌ বাহিনী ও বন্দরের সংশ্লিষ্ট শাখাকে জানিয়েছেন। তবে রাত বারোটার মধ্যে কারো সহযোগীতা না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। সুপারভাইজার লোকমান হোসেনের দাবী ডুবে যাওয়া বাল্কহেডটিতে ৫০০ থেকে ৬০০ মেট্রিকটন কয়লা থাকতে পারে।

 

বন্দরের হারবার বিভাগ জানায়, বাল্কহেডটি আংশিক ডুবে গেছে। এতে জাহাজ চলাচলের কোন প্রভাব পড়বে না। দ্রুত উদ্ধারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *