বিনোদন ডেস্ক- আমেরিকার নিউইয়র্ক শহর থেকে নতুন ছবির ঘোষণা দিলেন ঢাকার ছবির শীর্ষ নায়ক শাকিব খান। সোমবার (১৪ নভেম্বর) নিউইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর আসরে অংশ নিয়েছেন তিনি। অনুষ্ঠানটিতে পারফর্মও করেন এই তারকা।
সে সময় মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশে নতুন ছবির ঘোষণা দেন শাকিব। তখন শাকিবের পাশে ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিকব্যক্তিত্ব, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
মঞ্চে উঠে শাকিব খান বলেন, ‘আমাদের বাংলাদেশি সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার পরিকল্পনা করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এখান ছবিটি রিলিজও হয়ে যেত।’
তিনি আরও জানান, বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে দিতে সব সময়ই তিনি চেষ্টা করে গেছেন।
নাম ঠিক না হওয়া এই ছবিটি শাকিব খান নিজেই প্রযোজনা করবেন বলে জানিয়েছেন। আর পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী নির্মাতা হিমেল আশরাফ।
জানা যায়, নতুন এই ছবির গল্প ও চিত্রনাট্য হিমেশ আশরাফেরই। আগামী বছর ছবিটির ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।
শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী দেশের একাধিক গুণী শিল্পীও এতে রয়েছেন।
শাকিবের ঘোষণার পর মঞ্চে দাঁড়িয়ে আফজাল হোসেন বলেন, বিমানের শাকিব এবং আমি একসঙ্গে এখানে (নিউ ইয়র্ক এসেছি। সেলফমেন্ট বলতে যা বোঝায় একটা মানুষ কীভাবে নিজেকে তৈরি করে পারে আমি বিস্ময়ের সঙ্গে শাকিবকে সেভাবে দেখেছি।
নতুন সিনেমার ঘোষণা নিয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, নতুন এই সিনেমার গল্প, চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস এলেঞ্জস, নিউ ইয়র্ক এবং হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে।
