নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, দেশের মানুষ এখন খেয়েপরে ভালো আছে। ভালো না থাকলে তারা আন্দোলনে রাজপথে নামতেন।
রোববার নারায়ণগঞ্জের বন্দরের সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) ক্যাম্পাসে রাইস সাইলো এবং প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, মানুষের পেটে যখন ক্ষুধা লাগে রাজপথে তখনই নামে। পেট যখন ভরা থাকে তখন যত অপশক্তিই তাদের ডাকুক সেই শক্তির পক্ষে জনগণ কথা বলে না।
তিনি বলেন, রাজনীতি তারাই করতে পারে যারা জনগণের মনের ভাষা জানে এবং মনের কথা বুঝতে পারে। একটা সময়ে আওয়ামী লীগে লোক পাওয়া যেত না। এখন গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। পরগাছা কখনো কাজে লাগে না। পরগাছারা যেভাবে ঝাঁকিয়ে বসছে তাতে আসল গাছ আর সামনে আসতে পারে না।
এতে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের সবার ঠিকানা শেখ হাসিনা। শেখ হাসিনা আছে বলেই আমরা আছি। সব দুঃখকে জয় করে শুধু দেশ ও দেশবাসীর জন্য তিনি কাজ করে যাচ্ছেন। কোন সম্প্রদায় নেই যাদের প্রতি তার নজর নেই। একটি দল বলেছিল করোনায় ২ লাখ লোক না খেয়ে মারা যাবে, আমি খাদ্যমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ করে বলতে পারি একটি মানুষও না খেয়ে মরেনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে এটি সম্ভব হয়েছে। , ক্ষুধামুক্ত বাংলাদেশ আমরা গড়েছি। এখন পুষ্টিযুক্ত খাবার নিয়ে কাজ করছি।
তার বক্তব্যের শেষের দিকে শামীম ওসমান তার কাছে এসে সিদ্ধিরগঞ্জের সাইলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর তাই তিনি এটি নিয়ে কাজের অনুরোধ করেন। মন্ত্রী বিষয়টি ইঞ্জিনিয়ারকে ডেকে জেনে কাজ শুরু করবেন বলে ঘোষণা দেন।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, খোলা আটা ১৮ টাকা কেজি বিক্রি করছি বাজারে। এগুলো আমরা ২ কেজি করে প্যাকেট আটা বিক্রি করবো। আর কাউকে খোলা আটা খেতে হবে না।
