বিনোদন ডেস্ক- এক সময় টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই যেই প্রিয় মুখগুলোর দেখা মিলতো তাদের অন্যতম একজন মাহফুজ আহমেদ। তাকে ঘিরে চ্যানেলে চ্যানেলে ঈদের বিশেষ আয়োজন হতো। ডজন ডজন ঈদের বিশেষ নাটকে দেখা মিলতো যার।
শুধু নাটকের অভিনয়েই নয়, ছোট পর্দার এই তারকা সিনেমাতেও অভিনয় করেছেন। পরিচালনাতেও নিজেকে প্রমাণ করেছেন। কাজ করেছেন প্রযোজক হিসেবে।
তবে বেশ কয়েক বছর ধরেই তিনি নেই কোথাও। নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপন; সবখানেই তার অনুপস্থিতি। ভক্তরা এ নিয়ে কম অভিমান করেন না। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই চোখে পড়ে মাহফুজভক্তদের নানা লেখা।
সুখবর হলো, আবারও অভিনয়ে ফিরছেন তিনি। তাকে দেখা যাবে ‘অন্তরালে’ ওয়েব ফিল্মে। তার এই ফেরার সঙ্গী হচ্ছেন দেশের আলোচিত নায়িকা পরীমণি। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী।
ছবিটির অন্যতম একটি চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান।
চয়নিকা বলেন, ‘পরীর সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছি ছবিটির জন্য। এবার পেলাম আমার অসম্ভব প্রিয় মাহফুজ আহমেদকেও। মূলত লম্বা সময় ধরেই আমি অপেক্ষায় আছি এই অভিনেতার জন্য। অবশেষে তাকে পেলাম, এটাই বড় আনন্দ। আমার প্রথম ছবিতে সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি পরীমণির। এবার আমাদের ওয়েবযাত্রা। আশা করছি ভালো কিছু হবে।’
জানালেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রযোজিত এই ছবিটির শুটিং শুরু হচ্ছে জানুয়ারি থেকে।
