দেউলিয়া হয়ে বিএনপি এখন সর্বহারাতে রূপ নিচ্ছে: কাদের

নজর২৪, ঢাকা- দেউলিয়া হয়ে বিএনপি এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

রবিবার সকালে খুলনা সড়ক জোনের অধীনে দুটি সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

 

আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, তাদের বক্তব্য জনগণের মধ্যে বিনোদনের উৎসে পরিণত হয়েছে।

 

ওবায়দুল কাদের বলেন, ‘যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া হয়েছে। যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে অন্যদের নিয়ে তাদের কথা বলা হাস্যকর। প্রকৃতপক্ষে বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে।’

 

তিনি বলেন, যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় তাদের দেউলিয়াত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না।

 

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সেের মাধ্যমে খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুইটি সেতুর উদ্বোধন করেন। সাতক্ষীরা-আশাশুনি-গোয়ালডাঙ্গা-পাইকগাছা সড়কের উপর প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩০৫ মিটারের দৈর্ঘ্যের মানিকখালী সেতু এবং কুষ্টিয়া (ত্রিমোহনী) মেহেরপুর – চুয়াডাঙ্গা -ঝিনাইদহ সড়কের মাথাভাঙা নদীর উপর প্রায় সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্যের মাথাভাঙা সেতু রয়েছে।

 

মন্ত্রী বলেন সেতু দুইটি যথেষ্ট গুরুত্ব বহন করে। কারণ মাথাভাঙা সেতুটির ফলে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন হয়েছে এবং মুজিবনগরে প্রস্তাবিত যে স্থলবন্দর বাস্তবায়িত হবে সেটির সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী খুলনা-যশোর মহাসড়কের দুরবস্থার দুর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন যত দ্রুত সম্ভব খুলনা-যশোর সড়কের কাজ শেষ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *