বিনোদন ডেস্ক- টালিউডের এ প্রজন্মের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। শুরু থেকেই এই জুটি একসঙ্গে অভিনয় করছেন। দর্শকরা তাদের গ্রহণ করেছে। তবে শুরু থেকেই তাদের প্রেমের বিষয়টি একেবারে খোলামেলা। সবাই জানে এই জুটির প্রেমের খবর। তাই তাদের প্রেম নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকদের।
দুজনে একসঙ্গে অভিনয় করতে গিয়েই জড়িয়ে পড়েন প্রেমে। অন্য তারকারা যেখানে প্রেম বা বিয়ে নিয়ে লুকাছুপি করে সেখানে এই জুটি একেবারেই আলাদা। বনি কিংবা কৌশানি তারা কেউই তাদের প্রেম নিয়ে লুকোচুরি করেন নি। প্রকাশ্যেই এনেছেন তাদের প্রেমের কথা।
এমনকি একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সময় কাটানো, সব কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন বনি-কৌশানি। দীর্ঘ ছয় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন এ জুটি। গত বছরও তারা বিয়ে করতে চেয়েছিলেন। এ বছরের আর মাত্র দু মাস রয়েছে। কিন্তু এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তারা।
কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন বনি সেনগুপ্ত। চাঁদপুরে ‘মানব দানব’ নামের একটি ছবির শুটিং করেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশি পরিচালক বজলুর রাশেদ চৌধুরী। সেখানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে সাত বছরের ক্যারিয়ার, বাংলাদেশে অভিনয়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।
এসময় তাদের বিয়ে নিয়েও প্রশ্ন রাখা হয়। জবাবে বনি সেনগুপ্ত চার হাত এক না হওয়ার কারণ হিসেবে অর্থের বিষয়টি সামনে আনেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালে প্রেমিকা কৌশানিকে ঘরে নিতে চান তিনি।
বনি সেনগুপ্ত বলেন, ‘আসলে প্ল্যান কিন্তু ২০২০ করেছিলাম। তারপর ২০২১ এ। সমস্যা হলো করোনা আমাদের দুই বছর পিছিয়ে দিয়েছে। এখন তো দুই বছর না গেলে বিয়ে করতে পারব না। আমার তো প্রচুর লোককে ইনভাইট করতে হবে। খাওয়াতে হবে। বিয়ের জন্য টাকা জমাতে হবে। তাই আগামী দুই বছর টাকা জমাবো। তারপর ২০২৩ সালে বিয়ে করব।’
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মধ্য দিয়ে টালিউডে আত্মপ্রকাশ করেন বনি সেনগুপ্ত। আর কৌশানির যাত্রাটা শুরু হয় ২০১৫ সালের ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমা দিয়ে। এরপর তারা একসঙ্গে ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘গার্লফ্রেন্ড’ ও ‘জানবাজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন।
