বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী মিম

বিনোদন ডেস্ক- দেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ২০০৭ সালে তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মুকুট জয় করে শোবিজে পথচলা শুরু করেন। ক্যারিয়ারের শুরুতেই নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন।

 

সেই ছবিতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন জাহিদ হাসান, ফেরদৌস, মেহের আফরোজ শাওনের মতো তারকাদের। ছবিটি মিমের ক্যারিয়ারের উজ্জ্বল একটি সাফল্য হয়ে আছে।

 

এরপর নিয়মিতই কাজ করে যাচ্ছেন তিনি। মডেলিং ও অভিনয়ের ব্যস্ততায় ১৪ বছরের ক্যারিয়ারে পেয়েছেন একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক স্বীকৃতি ও সাফল্য। দেশের গন্ডি পেরিয়ে মিম কাজ করেছেন ওপার বাংলাং জিৎ, সোহমদের নায়িকা হয়েও।

 

এই লম্বা জার্নিতে অনেকের সঙ্গেই তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনোটাই সত্যি হয়ে সামনে আসেনি। এবার হয়ত সেই ধারা ভাঙতে চলেছে। সামনে আসতে চলেছেন মিমের জীবনের বিশেষ মানুষটি।

 

আজ ১০ নভেম্বর মিমের জন্মদিন। বিশেষ দিনটিকেই তিনি বেছে নিয়েছেন এই সারপ্রাইজের জন্য। নিশ্চিত করে না বললেও ইঙ্গিত দিয়েছেন, আজ রাতে বিশেষ মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

 

এক সাক্ষাৎকারে মিম বলেছেন, ‘কবে যে সেই বিশেষ মানুষকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, তার কোনো পরিকল্পনা এখনো করিনি। আজ সন্ধ্যায়ও হতে পরে। আমি তো মাঝেমধ্যে ফেসবুকে ছবি দিই, কিন্তু সবাই বুঝতে পারে না।’

 

এদিকে মিমের সোশ্যাল অ্যাকাউন্টগুলো ঘেঁটে দেখা যায়, বেশ কিছু ছবিতে তার হাতের অনামিকা আঙুলে রয়েছে আংটি। বাগদান না হলে সাধারণত কেউ এই আঙুলে আংটি পরেন না। মিমের ইঙ্গিতপূর্ণ বক্তব্য এবং আংটি পরা ছবির সমীকরণ মেলালে সহজেই ধারণা করা যায়, তিনি বাগদান সেরে ফেলেছেন। তবে আপাতত তার ঘোষণার অপেক্ষা করা যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *