অবশেষে বাংলালিংকের বিরুদ্ধে মামলার আবেদন করলেন জেমস

বিনোদন ডেস্ক- দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা জেমস নিজের গান সুরক্ষার জন্য কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে সিম অপারেটর কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে ঢাকার নিম্ন আদালতে আবেদন করেছেন।

 

বুধবার বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার জন্য ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আবেদন করেন এই রকস্টার।

 

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পাবলিক প্রসিকিউটর তাপস বলেন, জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করেছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।

 

তবে এ বিষয়ে বাংলালিংক কর্তৃপক্ষ বা কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

এর আগে একই বিষয় নিয়ে ১৯ সেপ্টেম্বর মামলা দায়ের করতে আইনজীবীকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এসেছিলেন জেমস। তবে সেসময় আদালত মামলাটির আবেদন গ্রহণ না করে সংশ্লিষ্ট থানা যাওয়ার পরামর্শ দেন।

 

সেদিন নগর বাউল জেমসের আইনজীবী তাপস কুমার বলেন, বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *