একে অপরকে প্রতিরক্ষা সহযোগিতা দিতে সম্মত বাংলাদেশ-ফ্রান্স

নজর২৪ ডেস্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করেছেন।

 

এই সম্মতিপত্র সই এর মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো যুক্ত রয়েছে।

 

ঢাকা-প্যারিস সম্পর্ককে পরের ধাপে উত্তরণের জন্য অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে ব্যবসা, বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ বুধবার (১০ নভেম্বর) প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

 

স্কটল্যান্ড ও ব্রিটেন থেকে পাঁচ দিনের সফরে ফ্রান্সে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে পৌঁছালে প্রধানমন্ত্রী জঁ ক্যাসট্যাক্স তাকে স্বাগত জানান।

 

এ সময় দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

 

এর আগে প্যারিস পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান হয়। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।

 

এরপর ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও প্রেসিডেনশিয়াল গার্ডের একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *