সমুদ্রসীমায় ঢুকতেই ভারতীয় জেলেকে গুলি করে মারল পাকিস্তানি বাহিনী

india m

আন্তর্জাতিক ডেস্ক- আন্তর্জাতিক সীমানা না বুঝে সমুদ্রসীমায় ঢুকতেই এক ভারতীয় জেলেকে গুলিতে ঝাঁঝরা করে দিলো পাকিস্তানের নৌবাহিনী। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিত্‍সাধীন আরও এক জেলে। পাকিস্তানের এমন আচরণে ক্ষুব্ধ ভারত। কূটনৈতিকস্তরে নিজেদের জেলে হত্যা নিয়ে সোচ্চার নয়াদিল্লি।

 

ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে। জানা গেছে, নিহত ওই জেলের নাম শ্রীধর রমেশ চামরে (৩২), তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। গতকাল রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

গণমাধ্যমটি বলছে, গত শনিবার বিকেলে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ওখা বন্দরের কাছে আন্তর্জাতিক জলসীমায় সতর্ক না করেই ভারতীয় জেলেদের ওপর গুলি চালায় পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। গুলিতে ঘটনাস্থলেই এক জেলে নিহত হন। এ ঘটনায় আহত হন আরও এক জেলে। বর্তমানে গুজরাটের একটি হাসপাতালে আহত ওই জেলের চিকিৎসা চলছে।

 

ভারতের সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে জলপরী নামক একটি নৌকা নিয়ে গুজরাটের সমুদ্রে মাছ ধরতে যান সাত ভারতীয় জেলে। ভুলবশত তারা আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি পৌঁছে যেতেই নৌকা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সির সদস্যরা। গুলিতে ঘটনাস্থলেই এক জেলে নিহত হন।

 

সংবাদমাধ্যমগুলোর দাবি, সমুদ্রের পানির ওপর কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না হওয়ায়, কেউ আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি চলে আসলে তাকে প্রথমে সতর্ক করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে ভুক্তভোগী ভারতীয় ওই জেলেদের দাবি, কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া ছাড়াই পাকিস্তানের বাহিনী তাদের ওপর গুলি চালায়।

 

এদিকে মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেকে হত্যার ঘটনার তীব্র সমালোচনা করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা করা হবে। একইসঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই বিস্তারিত তথ্য জানা যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *