ইমেজ নষ্ট করতেই আমার নামে মামলা: একাত্তর টিভির শাকিল

নজর২৪ ডেস্ক- বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। গুলশান থানায় বৃহস্পতিবার রাতে এক নারী বাদী হয়ে মামলাটি করেন।

 

মামলার বিষয়ে শাকিল আহমেদ দাবি করেন, এটি ষড়যন্ত্রমূলক মামলা। তিনি গণমাধ্যমকে জানান, তাঁর ব্যক্তি ইমেজ নষ্ট করতে পরিকল্পিতভাবে একটি মহল এই মামলা করেছে।

 

গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইন ৯-এর ১ ধারায় গুলশান থানায় মামলা করেন ওই ভুক্তভোগী। গুলশান থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক গড়ে ওঠে আরও আগে। ওই নারীকে বিয়ের আশ্বাসও দিয়েছিলেন শাকিল। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত শাকিল আহমেদ তাঁর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

 

মামলার পর বৃহস্পতিবার রাত ১২টায় ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশান থানা-পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। ঢামেক হাসপাতালে নিয়ে আসা গুলশান থানার এসআই মো. মামুন বলেন, ঢাকা মেডিকেলে ভিকটিমের শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এর আগে শাকিল আহমেদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই নারী। সম্মেলনেও তিনি শাকিল আহমেদের করা প্রতারণা, প্রতিহিংসা ও ভ্রূণ হত্যার বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *