বিনোদন ডেস্ক- হিরো আলমের গলায় এবার আর গান নয় ঝুলছে তালা। শুনতে কিছুটা অবাক হলেও তাই সত্য। সময়ের আলোচিত আর সমালোচিত হিরো আলমের গলায় তালা ঝুলছে।
তবে হিরো আলমের গলায় সেই তালা নির্বাচনের। তিনি মুন্সিগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
দ্বিতীয় ধাপের নির্বাচনে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শাহিন ইসলামের তালা মার্কা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচরণায় অংশ নেন হিরো আলম।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কোলাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজার, বাড়ি, রাস্তাঘাটে ঘুরে ভোটাদের কাছে সদস্য প্রার্থী শাহিন ইসলামের পক্ষে তালা মার্কায় ভোট চান তিনি।
এ সময় হিরো আলম গলায় তালা মার্কার বেজ ঝুলিয়ে ও হাতে লিফলেট নিয়ে তালা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। হিরো আলমকে দেখতে ও তার সঙ্গে ছবি তুলতে রাস্তার দুইপাশে ভিড় জমায় উৎসুক জনতা।
এর আগে ওই ইউনিয়নের মানুষ ইউটিউব, ফেসবুক ও টিভি পর্দায় তাকে দেখে থাকলেও এবার নির্বাচনী প্রচারণার মাঠে দেখল হিরো আলমকে।
মেম্বার পদপ্রার্থী শাহিন ইসলাম প্রসঙ্গে হিরো আলম বলেন, যারা মাটি ও মানুষের কথা বলে আমি সবসময় তাদের সঙ্গে থাকি। আমি খবর নিয়েছি, শাহিন ইসলাম ভালো লোক। আমি খোঁজখবর না নিয়ে কোথাও যাই না। জনগণ আছে বলেই আমরা হিরো। জনগণ না থাকলে আমরা জিরো। তারা যখন আমাদের কাছে পায় তাদের মনটা ভরে যায়। যখন ভক্তদের কাছে পাই তখন আমাদের মনটাও ভরে যায়।
হিরো আলম বলেন, ছোট পর্যায়ের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তবে বড় পর্যায়ের নির্বাচন সুষ্ঠু হবে না। আমি চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে জনগণের আস্থা আসবে যেন আমরা সামনে নির্বাচন করতে পারি।
‘মানুষের একটা ধিক্কার আসে না, ভোট দিতে যাবো না। ভোট দিয়েই কী, না দিয়েই কী! এরকম মানুষের মাঝে বিতর্ক তৈরি হয়ে যায়। এই বিতর্ক যেন ভেঙে যায়। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চাই।’
আগামী ১১ নভেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
