চিৎকার করে বিশ্বকে বলতে চাই তুমি অসাধারণ মানুষ: আনুশকা

বিনোদন ডেস্ক- দুজনই নিজ নিজ ক্ষেত্রে সফল। একজন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, আরেকজন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। অথচ সেই সাফল্যের চাকচিক্য কখনো অন্তরাল হয়ে দাঁড়ায়নি তাদের প্রেমে। তাই তো এ জুটিকে দেখে ভক্তরা বলে ওঠেন ‘রাব নে বানাদে জোড়ি’।

 

বলছি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতের জাতীয় দলের ক্রিকেটার ভিরাট কোহলির কথা। কাজ ও ব্যক্তিগত নানা কারণে নিয়মিতই সংবাদমাধ্যমের শিরোনাম হন এ দম্পতি। আজ দুজন আলোচনায় ভিরাটের জন্মদিনের কারণে।

 

৫ নভেম্বর ৩৪ বছরে পা দিয়েছেন ক্রিকেটার। বিশেষ এ দিনে মনের ঝাঁপি খুলেছেন অনুশকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন আবেগঘন পোস্ট। ইনস্টাগ্রামে ভিরাটকে আলিঙ্গন করা একটি ছবি পোস্ট করেন আনুশকা। হলুদরঙা পোশাকে হাসিমুখে ছিলেন অনুশকা। ভিরাটের পরনে ছিল সাদারঙা চিকনকারি কাজের পাঞ্জাবি।

 

ছবিতে দুজনের মুখে মুগ্ধতা ছড়ানো হাসি। এর ক্যাপশনে আনুশকা লেখেন, ‘এই ছবি ও তোমার জীবনযাপনের পদ্ধতির ওপর কোনো ফিলটার বসানোর দরকার নেই। তুমি ভেতর থেকে সৎ ও ইস্পাতসম দৃঢ়। তোমার সৎসাহস সংশয়কে মুছে দেয়। আমি জানি অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে কেউই তোমার মতো এগুলোকে দূরে সরাতে পারে না।

 

‘সব দিক থেকেই তোমার উন্নতি হচ্ছে এ কারণে যে, তুমি কোনো কিছুর মধ্যেই নিজেকে আটকে রাখো না; তুমি নির্ভীক। আমি জানি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মধ্যে কথা বলা লোক নই, তবে মাঝে মাঝে চিৎকার করে পৃথিবীকে জানাতে চাই কী অসাধারণ মানুষ তুমি।’

 

ভিরাটের উদ্দেশে আনুশকা আরও লেখেন, ‘সৌভাগ্যবান তারাই, যারা প্রকৃত অর্থে তোমাকে চেনে। সবকিছু চাকচিক্যময় ও আরও সুন্দর করায় তোমাকে ধন্যবাদ। আর হ্যাঁ, শুভ জন্মদিন কিউটনেস।’

 

২০১৩ সালে বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে তাদের প্রথম দেখা। এরপর চার বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে রূপকথার বিয়ে সম্পন্ন করেছিলেন বিরাট-আনুশকা। এখন কন্যা ভামিকাকে নিয়ে সুখি জীবন তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *