ই-অরেঞ্জের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা ফেরত চান গ্রাহকেরা

e orenge n2

নজর২৪, ঢাকা- আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ও এর সঙ্গে সম্পৃক্ত বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা সোহেলের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের টাকা অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

শুক্রবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে ভুক্তভোগীরা ১০টি দাবি তুলে ধরে।

 

তাদের অন্য দাবিগুলো হচ্ছে-

সব ভুক্তভোগী গ্রাহকের আর্থিক ক্ষতির দায়ভার ই-অরেঞ্জকে নিতে হবে;

ই-অরেঞ্জ প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে;

 

ই-অরেঞ্জ প্রতারণার মাস্টারমাইন্ড পরিদর্শক সোহেলকে দেশে ফিরিয়ে আনতে হবে;

এসএসএল কমার্স ও ই-অরেঞ্জের কত টাকা আটকে আছে সে সম্পর্কিত তথ্য অনতিবিলম্বে প্রকাশ করতে হবে;

 

ই-অরেঞ্জের বিরুদ্ধে সব তদন্ত রিপোর্ট অনতিবিলম্বে প্রকাশ করতে হবে;

আসামিদের রিমান্ড থেকে পাওয়া তথ্য সংবাদ সম্মেলন করে প্রকাশ করতে হবে;

 

ই-ক্যাবকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে;

বাণিজ্য মন্ত্রণালয়কে ভুক্তভোগী সব গ্রাহকের ক্ষতির দায়ভার নিতে হবে এবং সুষ্ঠু সমাধান না আসা পর্যন্ত আসামিদের সব জামিন নাকচ করতে হবে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ই-অরেঞ্জের এক লাখের বেশি ভুক্তভোগী ক্রেতা যাদের অধিকাংশই বেকার যুবক ও ছাত্র। ২০ কর্মদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা থাকলেও ইতোমধ্যে তিন মাস সময় পার হয়ে গেছে। আমরা ই-অরেঞ্জ থেকে পণ্য ও ভাউচার কিনেছিলাম কিন্তু কর্তৃপক্ষ ভাউচার দিয়ে পণ্য কেনা ও ডেলিভারি বন্ধ করেছে। গত ১৮ জুলাই ডেলিভারির তারিখ থাকলেও পরবর্তীতে লকডাউনের দোহাই দিয়ে ডেলিভারি বন্ধ করে দেওয়া হয়, যা এখন পর্যন্ত বন্ধ আছে।

 

মানববন্ধনে ই-অরেঞ্জ ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *