বাংলাদেশ জাতীয় নারী দলের নতুন অধিনায়ক জ্যোতি

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন উইকেটকিপার ও ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। রুমানা আহমেদের পরিবর্তে নিগার সুলতানা জ্যোতির কাঁধে দলের নেতৃত্ব তুলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

জানা যায়, নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। যা বাংলাদেশ পুরুষ দলের বিশ্বকাপ ম্যাচ শেষেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

 

চলতি বছরের নভেম্বরে নারী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়ের হারারেতে ২১ নভেম্বর (রোববার) আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা। এর আগে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

 

নারী বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়ের উদ্দেশে শুক্রবার (৫ নভেম্বর) দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। এর আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম।

 

২০১৫ সালে অক্টোবরে বাংলাদেশ ওয়ানডে দলে অভিষেক হয় শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতির। এরপর থেকেই নিয়মিত মুখ হয়ে ওঠেন। দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ২১টি ওয়ানডে এবং ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শেরপুরের এ মেয়ে।

 

ব্যাট হাতে ওয়ানডে ফরম্যাটে ১৮ ইনিংসে জ্যোতির রান ৩৬০ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৯ ইনিংসে ব্যাট হাতে ৮৫৮ রান করেছেন তিনি। যার মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি সেঞ্চুরি (১১৩*) করেছেন এ নারী ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *