বিনোদন ডেস্ক- খ্রিষ্টান দুনিয়ায় অন্যতম প্রধান উৎসব অল হ্যালো’স ইভ বা হ্যালোউইন। প্রতিবছর ৩১ অক্টোবর সাধারণত ইউরোপ ও আমেরিকাতে এই দিনটি ঘটা করে উদযাপন করা হয়।
বিশ্ব সংস্কৃতির আদান-প্রদানের সহজলভ্যতার এই সময়ে বাংলাদেশেও কেউ কেউ হ্যালোউইন উৎসব উদযাপন করেন। ভূতের মুখোশ পরে, কিংবা বিভিন্ন রকম সেজে হ্যালোউইন উৎসবে লোকজন হাজির হন।
এ বছর হ্যালোউইনে মেতেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মাথায় গোলাপী রঙের চুল, চোখে চশমা ও মুখে মেকআপ! একেবারে অন্যরকম লুকে ধরা দিলেন এই তারকা।
হ্যালোউইন উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মিথিলা। যেখানে তার সঙ্গে অদ্ভুত সাজে দেখা গেছে মিথিলার দুই বোন মিম রশিদ ও মিশৌরী রশিদকে। এছাড়া সংগীতশিল্পী অর্ণব ও তার স্ত্রী সুনিধি নায়েকও তাদের সঙ্গে হ্যালোউইন করতে অংশ নেন।
অবিশ্বাস্য হলেও সত্যি যে, অধিকাংশ আমেরিকানরা বিশ্বাস করেন, এ দিনে সব মৃত আত্মারা পৃথিবীর বুকে নেমে আসেন নিকটজনের সান্নিধ্য লাভের আশায়। তাই এ দিনকে অনেকে স্পিরিট অথবা গুড সোল বলে থাকেন।
মূলত হ্যালোউইন শুরু হয় আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। আইরিশ ও স্কটিস লোকসাহিত্যে হ্যালোউইনকে বলা হয়েছে, সুপার ন্যাচারাল এনকাউন্টার্স। এই ভুতুড়ে উৎসবের ইতিহাস দুই হাজার বছরেরও বেশি পুরনো।
