বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরীমণি। একদিকে সিনেমা, অন্যদিকে ব্যক্তিজীবন- দুই জায়গায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তবে এই তারকার ব্যক্তিজীবন নিয়ে নেটিজেনদের আগ্রহের মাত্রাটা একটু বেশিই বটে! তবে নিন্দুকের সমালোচনা ও কটূক্তিকে পায়ে মাড়িয়ে সাহসী পদক্ষেপে উড়ে চলেছেন পরী।
জন্মদিন পরীর কাছে বরাবরই স্পেশাল। প্রতিবছর বেশ ঘটা করেই দিনটি উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। নেচে-গেয়ে নিজেকে ও প্রিয়জনদের মাতিয়ে রাখেন এই অভিনেত্রী। তার ব্যতিক্রমী পোশাক পার্টিতে আগত অতিথি ও নেটিজেনদের নজর কেড়েছে। সমালোচনা থেকে বাদ পড়েনি নাচের ছলে পরীর উড়ে বেড়ানো।
জন্মদিনে পরীমণির বিশেষ পোশাকে ধুমছে নাচ এবং সেই ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ পরীর সাম্প্রতিক কার্যক্রমকে ‘সাহসী’, ‘উচিত জবাব’ বলছেন। আবার কেউ একে বলছেন ‘বেলাল্লাপনা’। এমনকি জন্মদিনের পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন এই চিত্রনায়িকা।
হার মানার মেয়ে নন পরী। আর তাই সব সমালোচনাকে পেছনে ফেলে নিজ আঙ্গিনায় আপন গতিতে উড়ছে মাটির পরী। তাই তো-দুদিনের ছুটি শেষে আবারও ফিরেছেন সিনেমা শুটিংয়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। এতে পরীমনির বিপরীতে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।
