নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১১ টি ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থীদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন ফর্ম বিতরণ করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। এ সময় ১১ টি ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
দলীয় চূড়ান্ত মনোনয়ন ফর্ম বিতরণ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী বলেন, আমরা নাগরপুর উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক স্ব স্ব প্রার্থীকে নিজ নিজ হাতে ফর্ম দিয়ে দিচ্ছি। প্রার্থীরা এই ফর্ম যথা নিয়মে পূরণ পূর্বক উপজেলা নির্বাচন অফিসে জমা প্রদান করবে।
আমরা আগামী শনিবার (৩০ অক্টোবর) আমাদের দলীয় কার্যালয়ে ইউপি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি ও দিকনির্দেশনা সম্পর্কিত সভা করবো। সেই সভায় নৌকার সকল প্রার্থীকে ও প্রত্যেক ইউনিয়ন সভাপতি / সাধারণ সম্পাদক গণকে দলীয় সকল নির্দেশনা প্রদান করা হবে।
দলীয় চূড়ান্ত ফর্ম বিতরণ অনুষ্ঠান সম্পর্কে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম জানায়, আজ আমাদের উপজেলা আওয়ামী লীগ এর সমন্বয়ে চূড়ান্ত মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। নির্বাচন নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে আমরা আগামী শনিবার দলীয় সভা করবো। দলীয় প্রার্থী যারা দলীয় মনোনয়ন পেয়েছেন এবং যারা পায়নি সকলকেই বলবো আপনারা সকলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীককে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন এবং নৌকার বিজয় সুনিশ্চিত করবেন।
আনুষ্ঠানিক এই ফর্ম বিতরণ অনুষ্ঠানের প্রথমেই ফর্ম সংগ্রহ করেন নাগরপুর সদর ইউনিয়ন এর সাবেক দুই বারের চেয়ারম্যান মোঃ কুদরত আলী এবং পরবর্তীতে যথাক্রমে মোঃ আনিসুর রহমান (সহবতপুর), মোঃ শাহীদুল ইসলাম অপু (সলিমাবাদ), মোঃ জজ কামাল (মামুদনগর), মোঃ শামীম খান (পাকুটিয়া), মোঃ হামিদুর রহমান (ভাদ্রা), মোঃ শওকত হোসেন (বেকড়া), মোঃ মতিয়ার রহমান (ধুবড়িয়া), মোঃ শরিফুল ইসলাম (মোকনা), মোঃ আবুল হাশেম মিয়া (দপ্তিয়র), শেখ সামছুল হক (গয়হাটা) উপস্থিত ছিলেন।
