নজর২৪ ডেস্ক- দিনাজপুরের পার্বতীপুর মডেল থানা হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়েছেন মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে থানার এক এএসআই ও কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তাদেরকে প্রত্যাহার করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান আসামি। প্রত্যাহার হওয়া দুই পুলিশ হলেন- ডিউটি অফিসার এএসআই কে বি এম শাহারিয়ার ও পুলিশ কনেস্টেবল সাবিনা ইয়াছমিন।
দিনাজপুর পুলিশের ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত দুই জনকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান রয়েছে।’
এই ঘটনার পর দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম ও ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্তকেন্দ্র সূত্রে জানা যায়, একটি মামলায় গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি মোকারুল ইসলামকে (৩২) সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই মোকারুলকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানার তিনটি গ্রিল ভেঙে পালিয়ে যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাম জাফর জানান, আসামিকে থানাহাজতে রাখা হয়েছিল। পুলিশের আগোচরে আসামি মোকারুল হাজতখানার পাশের দরজার তালা ভেঙে স্টোর রুমে প্রবেশ করেন। পরে স্টোর রুমের গ্রিল কেটে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
