বিনোদন ডেস্ক- সালমান শাহ পরবর্তী সময়ে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি রিয়াজ-শাবনূর। এই জুটির প্রায় সব সিনেমাই সুপার হিট। ব্যবসা সফলতা ছাড়াও পেয়েছে সব মহলের প্রশংসা! এই সময়ে তাদের কেউ-ই নিয়মিত সিনেমাতে না থাকলেও সম্পর্কটা যে অটুট, তার আঁচ পাওয়া গেল শাবনূরের একটি পোস্টে!
মূলত মঙ্গলবার (২৬ অক্টোবর) চিত্রনায়ক রিয়াজের জন্মদিন। বিশেষ এই দিনটি নিজের স্ত্রী, কন্যার সাথেই কাটাচ্ছেন ‘মাটির ফুল’ খ্যাত এই নায়ক। দিনভর সিনেমা সংশ্লিষ্ট সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হয়েছেন তিনি। অসংখ্য ভক্ত অনুরাগীদের কাছ থেকে পেয়েছেন শুভাশিষ।
তবে ভক্তদের নজর কেড়েছে রুপালি পর্দায় রিয়াজের অন্যতম জুটি চিত্রনায়িকা শাবনূরের শুভেচ্ছা। নিজের ফেসবুক পেজ থেকে মঙ্গলবার সন্ধ্যায় রিয়াজের সঙ্গে রোমান্টিক একটি ছবি পোস্ট করেছেন শাবনূর।
সেই ছবির ক্যাপশনে শাবনূর লেখেন, ‘শুভ জন্মদিন রিয়াজ। আশা করি তোমার বিশেষ দিনে তোমার হৃদয় যা চায় তা পূরণ হোক। চমকে ভরে যাক তোমার সারা দিন।’
সেই ছবির মন্তব্যেও রিয়াজকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তার ভক্তরা। দেড় ঘণ্টার ব্যবধানে পাঁচ শতাধিকের বেশি কমেন্ট ও ১০ হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে সেই ছবিতে। কেউ লিখেছেন, ‘শুভ জন্মদিন। এখনো আমার প্রিয় অভিনেতা।’
ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করে কেউ আবার লিখেছেন, ‘আমাদের সময়কার প্রিয় জুটি রিয়াজ-শাবনূর। জন্মদিনের শুভেচ্ছা। এ রকম নানা মন্তব্য পড়েছে শাবনূরের সেই পোস্টে।
রিয়াজ-শাবনূর জুটি বেঁধে মন মানে না, ভালোবাসি তোমাকে, প্রেমের তাজমহল, ও প্রিয়া তুমি কোথায়, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, হৃদয়ের বন্ধন, মোল্লাবাড়ীর বউসহ উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। ২০১৩ সালে মুক্তি পায় রিয়াজ-শাবনূর জুটির সবশেষ চলচ্চিত্র শিরি ফরহাদ।
দুই দুয়ারী, দারুচিনি দ্বীপ ও কি যাদু করিলা এই তিন চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন রিয়াজ।
