আজ আদালতে হাজির হবেন পরীমনি

নজর২৪ ডেস্ক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট আমলে নেওয়ার দিন ধার্য রয়েছে আজ।

 

মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ চার্জশিট আমলে নেবেন। এদিন সকাল ১০টার মধ্যে পরীমনি আদালতে হাজির হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী নীলঞ্জনা রিফাত।

 

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বলেন, মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেওয়া বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে আজ। ১৩ অক্টোবর মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। পরে আদালত এই মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ঠিক করেছিলেন।

 

এ মামলার অপর দুই অভিযোগপত্রভুক্ত আসামি হলেন আশরাফুল ইসলাম ও কবির হোসেন। পরীমনিসহ তিনজনই জামিনে রয়েছেন।

 

গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরে তাঁকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেন।

 

এ মামলায় ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

১০ অক্টোবর পরীমনি ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে জামিন নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *