নুর-রেজার রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আগামীকাল

নজর২৪ ডেস্ক- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্য নিয়ে রেজা কিবরিয়া ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’।

 

রাজধানীর পল্টনের জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মঙ্গলবার বেলা ১১টায় এই রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে নিশ্চিত করেছেন ডাকসুর সাবেক ভিপি এবং ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর।

 

দলের লক্ষ্য সম্পর্কে নুর বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য।’

 

দল হিসেবে আত্মপ্রকাশের পর ঘোষণা করা হবে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি। আহ্বায়ক হিসেবে দলের নেতৃত্বে থাকছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার সন্তান এবং গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া।

 

আর সদস্যসচিব হিসেবে থাকবেন কোটাবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সামনে আসা নুরুল হক নুর।

 

এ বিষয়ে নুর বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি চেয়েছিলাম, সেখানে দিচ্ছে না। এর আগে ২০ তারিখ করার কথা ছিল। পুলিশ দিচ্ছে না। এ কারণেই এখন আমরা জামান টাওয়ারে আমাদের অফিসেই করব।’

 

বাংলাদেশ গণ অধিকার পরিষদকে নির্বাচনমুখী রাজনৈতিক দল বলা যাবে কি না, জানতে চাইলে নুর বলেন, ‘অবশ্যই। আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেয়ার লক্ষ্য নিয়েই এ রাজনৈতিক দল কাজ করবে। দল ঘোষণার পরই প্রাথমিক টার্গেট নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ করে নিবন্ধন নেয়া। রাজপথের কর্মসূচির পাশাপাশি নির্বাচনি কার্যক্রমে অংশ নেয়া।’

 

দল ঘোষণার পর কোনো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে কি না, জানতে চাওয়া হয় নুরের কাছে। তিনি বলেন, ‘কাল শুধু দলের ঘোষণা হবে। তবে দলের একটা রাজনৈতিক কর্মসূচি থাকবে। মাঠের কর্মসূচি না, দলের ২১ দফা কর্মসূচি।’

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুরের নতুন দলে রেজা কিবরিয়া ছাড়াও মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ুম থাকবেন। তাদেরও গুরুত্বপূর্ণ পদে রাখা হবে। দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে যাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *