বিনোদন ডেস্ক- পরীমণি সব সময়েই রঙের মানুষ। সাধারণ জীবন থেকে উঠে এসেছেন আজকের উজ্জ্বল অবস্থানে। সমাজসেবা এবং হই-হুল্লোড়ে জুড়ি নেই তাঁর। মাঝে আচমকাই কালো মেঘ নেমে এসেছিল তাঁর জীবনে।
প্রথমে ঢাকার বোট ক্লাব কাণ্ড। প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে ধ র্ষ ণ-প্রচেষ্টার অভিযোগ আনেন তিনি। তার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার এবং জেলবন্দি। দেশ জুড়ে নিন্দা। জামিন নিয়ে নানা কাণ্ড।
প্রবল মনোবলে সব পেরিয়ে জামিনে-মুক্ত পরীমণি আবার ফিরেছেন নিজের ছন্দে। একের পর এক ছবির কাজে ব্যস্ত। গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিং করছেন এখন। জন্মদিনের জন্য নিয়েছেন একদিনের ছুটি।
২৯ বছর পেরিয়ে আজ ৩০ বসন্তে পা দিলেন ঢালিউডের লাস্যময়ী এ নায়িকা। ১৯৯২ সালের ২৪ অক্টোবর পরীমনির জন্ম হয়েছিল সাতক্ষীরায়। তার প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতি। পরীর বাবার নাম মনিরুল ইসলাম, মা সালমা সুলতানা। মাত্র তিন বছর বয়সে নায়িকা তার মাকে হারান। এরপর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে বড় হন তিনি। বর্তমানে সেই নানাই পরীর সবকিছু।
অভিনয় জগতে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে প্রতিটি জন্মদিনে নানা শামসুল হক গাজীকে সঙ্গে নিয়েই পরীমনিকে কেক কাটতে দেখা গেছে। ৩০তম জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি। শনিবার দিবাগত রাতের প্রথম প্রহরেই নানাকে নিয়ে কেক কাটেন তিনি। রাতের প্রথম প্রহরের এ উৎসবে কয়েকজন কাছের মানুষ ছাড়াও হাজির ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীও।
পাশাপাশি আজ সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেলে জন্মদিনের উৎসব পালন করবেন তিনি। তার আগে দুপুর ও বিকেলে রাজধানীর কয়েকটি এতিম খানায় সময় কাটাবেন বলে জানিয়েছেন এ নায়িকা।
আজ রাত ৮টা থেকে রাজধানীর পাঁচ তারকো হোটেলে শুরু হওয়া আয়োজনের জন্য লাল ও সাদা রঙের ড্রেস কোড দিয়েছেন অতিথিদের জন্য। নায়িকার জন্মদিনের পার্টিতে প্রবেশ করতে হলে বাধ্যতামূলকভাবে পুরুষদের সাদা এবং নারীদের লাল রঙের পোশাক পরে যেতে হবে।
অতিথিদের পাঠানো কার্ডে সে কথাও জানিয়েছে। পাশাপাশি কার্ডে পরিমণী লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।
বলে রাখা প্রয়োজন, গত বছর পরীমণির জন্মদিনের পার্টি হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এর আগের বছর তিনি বেছে নিয়েছিলেন হোটেল সোনারগাঁ। অর্থাৎ পরীর জন্মদিন মানেই পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন, এ যেন অঘোষিত নিয়মে পরিণত হয়ে গেছে।
প্রসঙ্গত, পরীমণির হাতে বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। সম্প্রতি অংশ নিয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিংয়ে। শিগগিরই যোগ দেবেন ‘প্রীতিলতা’র পরবর্তী ধাপের চিত্রায়নে। ‘বায়োপিক’, ‘অন্তরালে’সহ আরও কিছু সিনেমাও রয়েছে তার ঝুলিতে।
