ইকবালকে কুমিল্লায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

নজর২৪, কুমিল্লা- পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কক্সবাজার থেকে গ্রেপ্তার ইকবাল হোসেনকে কড়া পাহারায় কুমিল্লায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার সকালে ইকবালকে নিয়ে কক্সবাজার থেকে রওনা হয়ে দুপুর ১২টার পর কুমিল্লায় পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী।

 

ইকবালকে আনার খবরে সকাল থেকেই গণমাধ্যম কর্মীরা পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সের গেটে অবস্থান নেন। পরে সাংবাদিকদের অনুরোধে সাড়ে ১২টার দিকে তাকে শুধু ফটো ও ভিডিও ধারণের জন্য সাংবাদিকদের সামনে আনা হয়। এ সময় তার মাথায় হেমলেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, আমরা ইকবালকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পরই এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে। তবে এটা কখন করা হবে এ বিষয়ে তিনি মন্তব্য করেননি।

 

এর আগে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ইকবালকে আনতে কক্সবাজার যায়।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা পুলিশের এ টিম ইকবালকে কুমিল্লায় আনতে রওনা দিয়ে ভোরে কক্সবাজার পৌঁছায়। কিছু আনুষ্ঠানিকতা শেষে তাকে নিয়ে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লার পথে যাত্রা শুরু করে পুলিশের ওই টিম।

 

গত ১৩ অক্টোবর ভোরে নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়। এরপরই দেশের কয়েক স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ঘটনার জেরে ওই দিন চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন।

 

পরদিন নোয়াখালীর বেগমগঞ্জে মন্দির, মণ্ডপ ও দোকানপাটে হামলা–ভাঙচুর চালানো হয়। সেখানে হামলায় দুজন নিহত হন। এরপর রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বসতিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালকেও চিহ্নিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *