নজর২৪, চাঁদপুর- চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা ও পুলিশের সঙ্গে সংঘ র্ষের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জামায়াতে ইসলামের নেতা ও হাজীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন আব্বাসী।
চাঁদপুর বিচারিক হাকিম আদালতের বিচারক কামাল উদ্দিনের কাছে বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে জবানবন্দি দেন তিনি। এসময় এ ঘটনায় জড়িত অন্যান্যদের নামও প্রকাশ করেছেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার পর বুধবার রাতে মো. কামাল উদ্দিন আব্বাসিকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে হামলায় জড়িত অন্যান্যদের নামও তিনি প্রকাশ করেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মিলন মাহমুদ আরও বলেন, ‘আমরা হাজীগঞ্জের ঘটনায় এ পর্যন্ত ১০টি মামলা নিয়েছি। তার মধ্যে ২টি মামলা পুলিশ বাদী হয়ে করেছে। বাকি ৮টি মামলা বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্তরা করেছেন। এসব মামলায় প্রায় ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।’
‘ঘটনার পর থেকে এ পর্যন্ত আমরা জামায়াত নেতা ও সাবেক শিবির সভাপতি মো. কামাল উদ্দিন আব্বাসিসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছি। তাদের সবাই এখন জেল হাজতে আছেন। বাকি আসামিদেরও ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার কারণে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে,’ বলেন তিনি।
