বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। তার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। সিনেমায় গল্পের প্রয়োজনে কখনো তিনি খুবই সাধারণ তরুণী আবার কখনো গর্জে উঠেন বন্ধুক হাতে। সব কিছু ছাড়িয় বাস্তব জীবনে মাহি খুবই সাধারণ ও আবেগপ্রবণ মানুষ।
পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মাহি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে। এরপর থেকে স্বামীকে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে যাচ্ছেন একের পর এক স্ট্যাটাস।
বুধবার (১৯ অক্টোবর) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে ঢেলে দেন মনের রোম্যান্টিক ভাবনা। লিখেছেন, ‘প্রিয়তম আসো, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ রাখো। তোমার এয়ারপড বের করো। উহু! দুটোই তোমাকে কানে দিতে বলেছি? একটা আমার কানে দাও। হুম…পারফেক্ট। এবার ‘আগুনের দিন শেষ হবে একদিন’ গানটা প্লে করো।”
‘অগ্নি’ খ্যাত এ নায়িকা আরও লিখেছেন, ‘ধরে নাও রাত তিনটা বাজে এখন, আমরা সেন্টমার্টিনে আছি। এখন আমরা সমুদ্রের ওপর দিয়ে দুজন হাত ধরে হাঁটব যেন ঘাসের উপর দিয়ে হাঁটছি। একটু পরেই মাঝ সমুদ্রের ওপর শুয়ে আকাশের তারাগুলো একটা একটা করে গুনে ফেলব।’
স্বামীর প্রতি আদুরে আবদার করে মাহি লিখেছেন, ‘আচ্ছা প্রিয়তম, সবাই সবাইকে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে টেক্সট করে লাভ ইউ, মিস ইউ অথবা খেয়েছো? ঘুমিয়েছো? কত কী! তুমি এগুলো আমাকে চিঠিতে লিখতে পারো না? এত এত ডিজিটালের মাঝে আমি তো সেকেলে চিঠিওয়ালা প্রেমটাই খুঁজেছিলাম।’
মাহির এই পোস্টেও কমেন্ট করেছেন তার স্বামী রাকিব সরকার। তবে কোনো মন্তব্য নয়, দিয়েছেন একটি ছবি। যেখানে দেখা যায়, কোনো সমুদ্র বা নদীর কিনারে একে-অপরকে জড়িয়ে বসে আছেন তারা। এই ছবি দেখে ধারণা করা যায়, মাহির ভাবনার বাস্তবায়ন করে দিয়েছেন স্বামী রাকিব।
