ছবিটি ইতিহাস সৃষ্টি করবে বলে আমার বিশ্বাস : অনন্ত জলিল

বিনোদন ডেস্ক- অনন্ত জলিলের ছবি মানেই বড় বাজেট। আর তাই নতুন ছবি ‘দিন দ্য ডে’র জন্য বেছে নেওয়া হলো বড়দিনকে! আগামী ২৪ ডিসেম্বর এটি মুক্তি পাবে।

 

বিশ্বব্যাপী ডিসেম্বরের শেষ সপ্তাহে বছরের আলোচিত ছবিগুলো আসে। পশ্চিমা দেশ তো বটেই, ভারতেও এই রেওয়াজটার বেশ চল আছে। আর এ সপ্তাহেই মুক্ত হচ্ছে অনন্ত-বর্ষার এই অ্যাকশন চলচ্চিত্র। নতুন এই ছবি ও অন্যান্য প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি-

 

দীর্ঘ সময় পর পর্দায় ফেরার প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘দীর্ঘ বছর পর আবারও দর্শকের সামনে আসছি, ভাবতে ভালোই লাগছে। যদিও আরও অনেক আগেই দর্শকের সামনে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা আর হয়নি।’

 

‘দিন : দ্য ডে’ মুক্তি পাচ্ছে। সিনেমাটি নিয়ে যদি বলতেন… উত্তরে অনন্ত বলেন, ‘ছবিটি নিয়ে এর আগে অনেক কথা বলেছি, এখন দেখার পালা। এই ছবিতে দারুণ একটি গল্প রয়েছে। যা তরুণ থেকে শুরু করে সব বয়সী দর্শকদেরই ভালো লাগবে। এছাড়াও ছবিটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। ফলে ছবিতে ইরানি একটি আমেজও পাওয়া যাবে। সব মিলিয়ে আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবে।’

 

সিনেমাটি কত দেশে মুক্তি দেওয়া হবে? জানতে চাইলে তিনি বলেন, দ্য ডে’ ছবির মূল ভাষা বাংলা রেখে ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে একই সময়ে বাংলাদেশসহ ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। আমার বিশ্বাস ছবিটি ইতিহাস সৃষ্টি করবে। ছবিটিতে আমি ও বর্ষা ছাড়া এতে আরও অভিনয় করেছেন ইরান-লেবাননের প্রথম সারির কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও। ​ইতিমধ্যেই ছবি মুক্তির বিষয়ে অনেক দেশের সঙ্গে কথা হয়েছে।’

 

শুটিংয়ের কিছু মুহূর্তের কথা জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে এর দৃশ্যধারণ করা হয়েছে। ইরানে আমরা যখন কাজ করি, তখন সেখানকার তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এত গরমের মধ্যেও সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া ইরানের হরাতে নামক এক দুর্গম পাহাড় ও মরুভূমিতে শুটিং করার সময় উটের পিঠ থেকে পড়ে গিয়ে আহতও হয়েছিলাম। দুর্ঘটনার পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমাকে। কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের তৃতীয় বৃহত্তম নগর এসফাহনে নিয়ে যাওয়া হয়। এমন আরও অনেক ঘটনা ছবির সঙ্গে জড়িয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *