কুমিল্লায় পূজামণ্ডপে লাইভে আসা সেই ফয়েজ দুই দিনের রিমান্ডে

নজর২৪, কুমিল্লা- কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো ফয়েজ আহমেদকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

 

ফয়েজকে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে তুলে সাতদিনের রিমান্ড চায় কোতোয়ালি থানা পুলিশ। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম নুসরাত জাহান দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

 

মঙ্গলবার কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ‘গ্রেপ্তার ফয়েজকে ফেসবুক লাইভের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

 

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত করছে উল্লেখ করে ওসি বলেন, ‘ফয়েজকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি, আমরা (পুলিশ) মামলার বিষয়ে তাদের সহায়তা করছি।’

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টাবর সকালে নগরীর নানুয়া দীঘির উত্তরপাড় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগে রঘুরামপুর গ্রামের মো. ফয়জ (৪১) ফেসবুক লাইভে এসে ঘটনাটি প্রচার করেন। দৃশ্যটি লাইভ প্রচার ও মোবাইল ফোনে ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সেদিন রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে ডিজিটাল নিরাপত্তা আইনে একমাত্র আসামি করে মামলা করে।

 

মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক নুসরাত জাহান ঊর্মি তার রিমান্ডের আদেশ দেন।

 

এদিকে কুমিল্লাজুড়ে বিভিন্ন মণ্ডপে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মাইনুদ্দিন, ইমরানুল হক ও রাশেদকেও কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে তাদের ১ নম্বর আমলি আদালতে তোলা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম নুসরাত জাহান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা সবাই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *