নজর২৪, কুষ্টিয়া- কুষ্টিয়ার কুমারখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি শেয়ার করার অভিযোগে যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরহাদ আসিফ টিপু (৫০) নামের এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরহাদ আসিফ টিপু কুমারখালি উপজেলার বাটিকামারা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। তিনি জাতীয় দৈনিক যায়যায়দিনের কুমারখালী প্রতিনিধি।
পুলিশ ও মামলা সূূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি অন্যের ফেসবুকে আইডি থেকে করা পোস্ট সাংবাদিক টিপু নিজ আইডি থেকে শেয়ার করেন। এতে প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হওয়ায় এলাকায় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তার মর্যাদা ক্ষুণ্ন হয়। পোস্টটি কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরানের নজরে এলে রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুণ্ন করাসহ অত্র এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে মর্মে তিনি মামলা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বৃহস্পতিবার ফরহাদ আসিফ টিপু তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত করা দুটি ছবি ও কটূক্তিমূলক পোস্ট শেয়ার করেন। বিষয়টি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়লে টিপু ফেসবুক থেকে শেয়ার করা ছবি সরিয়ে ফেলে আত্মগোপনে থাকে।
এরপর রাতে কুমারখালী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ফরহাদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯ (১) ও ৩১ (২) ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় ফরহাদ আসিফ টিপুকে পুলিশ গ্রেফতার করে।





