বিনোদন ডেস্ক- করোনার প্রকোপ কমায় আনন্দ-উল্লাসে উদযাপিত হয়েছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শুক্রবার (১৫ অক্টোবর) দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এ উৎসব। এতে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও।
দেবী দুর্গার বিদায় এবং আগামী বছরের প্রত্যাশা জানিয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। তিনি একটি ভিডিও শেয়ার করে বললেন, ‘আসছে বছর আবার হবে’। ভিডিওতে তাকে দেখা গেছে আপাদমস্তক পূজার সাজে।
নুসরাতের গায়ে লাল শাড়ি, হাতে-কানে-গলায় সোনালি গয়না, খোঁপায় ফুলের মালা, কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর। এরপর মঙ্গলপ্রদীপসহ পূজার থালা হাতে নিয়ে মুচকি হাসলেন। তার নিজের আপলোড করা একটি ভিডিওতেই এমন দেখা গেছে।
কিন্তু ভিডিওটির কমেন্ট বক্সে তাকালে দেখা যায়, অধিকাংশ অনুসারী তার সমালোচনা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘আসছে বছর আবার বিয়ে হবে’; আরেকজন কটাক্ষ করে বলেছেন, ‘যশের সঙ্গে রেজিস্ট্রি বিয়েটা করে নিও। না হলে কবে আবার বলবে, বিয়েই করোনি’, আবার অনেকেই তার ধর্ম টেনে সমালোচনা করেছেন।
এর আগে নবমীর দিনও পূজার সাজে ছবি দিয়েছিলেন নুসরাত। তখনও তাকে নিন্দার বানে ভাসিয়ে দিয়েছিল অনুসারীরা।
এর আগেও একাধিকবার সিঁদুর পরে বিতর্কে জড়িয়েছেন মুসলিম এই অভিনেত্রী। তবে কখনও তা গায়ে মাখেননি। এবারও সেই ঝলকই দেখা গেল ভিডিওটিতে। তবে সিঁদুর কার জন্য? এই প্রশ্নের আর কোনও উত্তরের অপেক্ষা নেই এখন। অভিনেতা যশের সাথে তার সম্পর্কটা খোলাসা করছেন আস্তে আস্তে।
সাবেক স্বামী নিখিল জৈনের জীবনও থেমে নেই। সম্প্রতি অভিনেত্রী রাইমা সেনের সাথে পূজা উপলক্ষে একটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। নিখিলের সেই সাজ পছন্দ করেছেন নেটিজেনরা। অন্যদিকে, নুসরাত-যশের জুটিও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ভক্তদের মধ্যে। সময়ের সাথে সাথে সবকিছুই যে স্বাভাবিক হয়, এই ঘটনা তার বড় উদাহরণ।
