সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের হারাগাছে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি জুটমিলের তিন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব মিয়াপাড়ার হাফিজুল ইসলাম, সোনারগাঁও নওহাটি এলাকার ঝন্টু মিয়া ও ফরিয়াটারি এলাকার নাজমুল হোসেন।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার হারাগাছ নওহাটি এলাকার ওই কিশোরী স্থানীয় একটি জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বুধবার রাতে ওই কিশোরীকে জুটমিলের তিন শ্রমিক ধর্ষণের চেষ্টা করেন। কিশোরী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানান।
পরে শুক্রবার সকালে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে আসামি করে ওই কিশোরীর মা হারাগাছ থানায় মামলা করেন। পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
ওসি শওকত আলী সরকার আরো জানান, জুটমিলে কাজ করা এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে শুক্রবার রাতে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
