অবশেষে শাকিব খানের দেখা পেলেন সেই অভিমানী গৃহবধূ

বিনোদন ডেস্ক- শাকিব খানের শুটিং দেখতে না নিয়ে যাওয়ায় স্বামীর সাথে অভিমান করে আ ত্ম হ ত্যার চেষ্টা করা মাদারগঞ্জ উপজেলার সেই গৃহবধূর ইচ্ছা পূরণ হলো। পেলেন প্রিয় অভিনেতার সাথে সাক্ষাতের সুযোগ!

 

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল চারটার দিকে স্থানীয় সাংসদ মির্জা আজমের ছোট ভাইয়ের মাধ্যমে শাকিবের ‘গলুই’ সিনেমার শুটিং সেটে এসে তার সঙ্গে দেখা করেন ওই গৃহবধূ। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও সেই নারী ভক্তকে প্রায় ২০ মিনিট সময় দেন শাকিব।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ওই গৃহবধূর স্বামী-সন্তান, গলুই এর পরিচালক এস এ হক অলিক, আজিজুল হাকিমসহ শুটিং সংশ্লিষ্টরা। শাকিবকে কাছ থেকে দেখতে পেয়ে সেই গৃহবধূ আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 

এই খবর নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় শাকিব খান বলেন, ‘ঘটনাটি শুনে আমার খুব খারাপ লেগেছিল; সেকারণে তাঁর সঙ্গে দেখা করানোর জন্য টিমকে বলেছিলাম। আজ পুরো পরিবারসহ এসেছিল ওই নারী। কিছু সময় পার করেছি উনার পরিবারের সঙ্গে; ভালো লেগেছে।’

 

ভক্তদের সতর্কবার্তা দিয়ে শাকিব খান আরও বলেন, ‘যা হয়েছে হয়েছে। সামনে যেন এমন আর কোন ঘটনা না ঘটে। সবার আগে জীবন, এমন পাগলামি যেন আর কোন ভক্ত না করে সেই অনুরোধ রইল আমার। ভক্তরা সারাজীবন ভালোবাসবে; আমিও তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’

 

গেল ১১ অক্টোবর গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিব খানের ‘শুটিং দেখতে না পেরে আ ত্ম হ ত্যার চেষ্টা’ করেন। জামালপুরের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়।

 

এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

 

শাকিব-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *