Home আন্তর্জাতিক চীনে ‘কোরআন’ অ্যাপ সরিয়ে নিলো অ্যাপল

চীনে ‘কোরআন’ অ্যাপ সরিয়ে নিলো অ্যাপল

0
160

আন্তর্জাতিক ডেস্ক- চীনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ‘অনুরোধে’ দেশটির অ্যাপস্টোর থেকে জনপ্রিয় ‘কোরআন মাজিদ’ অ্যাপ মুছে দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। চীনের অ্যাপস্টোর থেকে কোরআন অ্যাপ মুছে দেওয়ার খবর বিবিসিকে নিশ্চিত করেছে অ্যাপল।

 

মার্কিন প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থাটি জানিয়েছে, ওই অ্যাপে চীনের আইনের সঙ্গে সাংঘর্ষিক ধর্মীয় বার্তা আছে বলে অ্যাপস্টোর থেকে মুছে দেওয়ার অনুরোধ করেছেন চীনের কর্মকর্তারা।

 

চীনের অ্যাপস্টোর থেকে মুছে দিলেও বিশ্বের অন্যান্য স্থানের অ্যাপস্টোরে এখনও আছে অ্যাপটি। চীনের প্রায় সাড়ে তিন কোটি মানুষ অ্যাপটির মাধ্যমে কোরআন পড়েন।

 

এক বিবৃতিতে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান পিডিএম বলেছে, ‘অ্যাপল জানিয়েছে, কোরআন মাজীদে অবৈধ কনটেন্ট থাকায় চীনে অ্যাপ স্টোর থেকে এটি সরিয়ে ফেলা হয়েছে।’

 

পিডিএম আরও বলেছে, ‘বিষয়টি সমাধানের জন্য আমরা চীনের সাইবার স্পেস বিভাগের সঙ্গে আলোচনার চেষ্টা করছি।’

 

তবে কোরআন সরিয়ে নেয়ার বিষয়ে বিবিসির কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি চীন সরকারের কর্মকর্তারা। কোরআনের অ্যাপ সরানোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপলও।

 

ইসলাম ধর্মকে স্বীকৃতি দিলেও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে দেশটির মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

 

চীন সরকারের চাপে আরও কিছু অ্যাপ সরিয়ে নিয়েছে অ্যাপল। দেশটির ক্ষমতাসীনদের জন্য অস্বস্তিকর বিষয় যেমন তিয়েনমান স্কয়ার, ফালুন গং, দালাই লামা এবং তাইওয়ান ও তিব্বতের স্বাধীনতার প্রসঙ্গ থাকায় ওই অ্যাপগুলো সরিয়ে ফেলা হয়েছে দাবি করেছিল নিউ ইয়র্ক টাইমস।

 

এর আগে বৃহস্পতিবার চীন সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে দেশটিতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকড ইন বন্ধ করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here