তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সেতুপূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত সকাল থেকেই লেগে আছে দীর্ঘ যানজট। দিন পেরিয়ে রাত হলেও গন্তব্যে পৌঁছাতে পারেনি লাইনে থাকা যানবাহন।
বার বার টোল আদায় বন্ধ ও রাস্তার মেরামতের কাজ চলমান থাকায় সেতুর দুই পাড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
সরেজমিনে গিয়ে জানা যায়, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তায় তীব্র যানজট থাকায় ১৫ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে ৭-৮ ঘন্টা। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনে থাকা যাত্রীদের।
বিশেষ করে নারী এবং শিশুদের ভোগান্তি যেন অন্তহীন। অধিকাংশ যাত্রীরা ট্রেন এবং অন্যান্য বিকল্প পদ্ধতিতে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।
দেশ ট্রাভেলস এর সুপারভাইজার তালিব হোসেন জানান, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত আসতে ৭ ঘন্টা সময় লেগেছে। যাত্রীরাও না খাওয়া, আমরাও না খাওয়া। আজ রাত মনে হয় রাস্তার উপরেই থাকতে হবে।
বাস ট্রাকসহ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে রোগী পরিবহন গাড়ি (এ্যাম্বুলেন্স)। ঢাকা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা এ্যাম্বুলেন্স চালক আঃ জলিল বলেন, ৩০ মিনিটের রাস্তা ৪ ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। আজ গন্তব্যে পৌছাতে পারবো বলে মনে হয় না।
সিরাজগন্জ থেকে ছেড়ে আসা আরেক ট্রাকচালক বলেন, ‘সিরাজগঞ্জ নকলা এলাকায় ব্রিজ ভেঙে গেছে এবং রাস্তার বেহাল দশায় এ যানজটের সৃষ্টি হয়েছে।’
তবে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকে মহাসড়কের ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে পরিবহন চলাচল করছে। তবে গাড়ির চাপ রয়েছে। বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে গাড়ির ধীরগতির কারণে সেতুর পূর্ব পাড়ে যানজটের সৃষ্টি হয়।
