অপু বিশ্বাসের ভালোবাসায় সিক্ত ইউসুফ

বিনোদন ডেস্ক- গতকাল (১১ অক্টোবর) ছিল ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। এদিন রাতে নায়িকার বাসায় গিয়ে হাজির হন ‘সেরাকণ্ঠ’ খ্যাত সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান।

 

আজ (১২ অক্টোবর) এই গায়কের জন্মদিন। অপু বিশ্বাসের পরদিন জন্মদিন হওয়ায় এদিন ইউসুফকে অপুর বাসায় নিয়ে যান মূলত সাংবাদিক অভি মঈনুদ্দীন।

 

অপুর বাসায় গিয়ে জন্মদিনের বিশেষ কেক কাটেন ইউসুফ। পুরো বিষয়টি দারুণ উপভোগও করেছেন এই গায়ক।

 

অপুর ভালোবাসায় মুগ্ধ ইউসুফ ফেসবুকে লেখেন, ‘১১ অক্টোবর অপু বিশ্বাস দিদির জন্মদিন। আর ১২ অক্টোবর আমার জন্মদিন। কিন্তু একটা কেকে আমার মত একটা ছোট্ট মানুষের সাথে নাম শেয়ার করে জন্মদিন ভাগ করে নেবার মানসিকতা ক’জন তারকার আছে বলতে পারেন?’

 

অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে এই গায়ক আরও লেখেন, ‘কতটা সহজে মানুষকে আপন করে নেয়া যায় সত্যি আপনাদের কাছে শেখা উচিত।’

 

উল্লেখ্য, ইউসুফ আহমেদ খান ২০০৮ সালের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার শীর্ষ প্রতিযোগিদের একজন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিয়মিত গানের সুরও করছেন তিনি। বিভিন্ন টিভি লাইভ এবং স্টেজ অনুষ্ঠানেও গেয়ে থাকেন ইউসুফ।

 

অপু বিশ্বাস এক দশকেরও বেশি সময় ঢালিউডে কাজ করছেন। এ পর্যন্ত প্রায় ১০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক উপহার দিয়েছেন সফল সিনেমা। শাকিব-অপু বাংলা সিনেমার সর্বশেষ সফল জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *