বিনোদন ডেস্ক- হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে অসুস্থ হয়ে পড়েন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। শুনানি শেষে তাকে অসুস্থ অবস্থায় তার ব্যবহৃত গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে আদালতে আসেন পরীমণি। এ সময় ছয়তলা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হাঁপিয়ে ওঠেন তিনি। শুনানির শেষ পর্যায়ে দেখা যায়, আদালতে এজলাসের বেঞ্চে সঙ্গীদের কোলে মাথা রেখে শুয়ে থাকেন পরীমণি।
এ সময় আইনজীবীরা তাকে কাগজ নেড়ে বাতাস দেওয়ার চেষ্টা করেন। প্রায় ২০-৩০ মিনিটের মতো তিনি সেখানে ছিলেন। শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে তাকে হাত ধরে আদালত থেকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়।
তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘গরম আর আদালতের ভেতরে ধাক্কাধাক্কি কারণে পরীমণি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।’

আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় এবং মামলাটির তারিখ ধার্য থাকায় পরীমণি আদালতে হাজির হয়ে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্থন করে আবারও স্থায়ীভাবে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত পরীমণি ও তার দুই সহযোগীর অস্থায়ী জামিন মঞ্জুর করেন।
গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
