বিনোদন ডেস্ক- ভারতের দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য সম্প্রতি যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদ ঘোষণা করেছেন। ওই ঘোষণার পর প্রথমবারের মতো এ নিয়ে মুখ খুললেন সামান্থা, বললেন বিয়েবহির্ভূত সম্পর্ক, সন্তান না নিতে চাওয়া ও গর্ভপাতের বিষয়ে খোলামেলা নানা কথা।
গত ৮ অক্টোবর নিজের ভ্যারিফায়েড ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে সামান্থা জানান, ব্যক্তিগত আক্রমণের উদ্দেশে তার সম্পর্কে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু এতে তিনি ভেঙে পড়বেন না।
তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত সংকটে আপনাদের সহমর্মিতা আমাকে অভিভূত করেছে। আমার প্রতি গভীর সহানুভূতি ও উদ্বেগের জন্য এবং আমার বিরুদ্ধে অপপ্রচার, গালগল্পের জবাব দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
সামান্তা বলেন, ‘তাদের দাবি, আমার বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল, আমি কখনো সন্তান নিতে চাইনি, আমি একজন সুবিধাবাদী এবং আমি সম্প্রতি গর্ভপাত করেছি।’
তিনি আরও বলেন, ‘বিচ্ছেদ ভীষণ বেদনাদায়ক একটি প্রক্রিয়া। সামলে নেওয়ার জন্য আমাকে সময় দিন। আমার ওপর ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। তবে এসবের কারণে আমি ভেঙে পড়ব না, সেই প্রতিশ্রুতি আমি দিচ্ছি।’
উল্লেখ্য, ২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা-সামান্থা।
