বিনোদন ডেস্ক- নির্মাতা চয়নিকা চৌধুরীকে নিজের মা বলেই সম্মোধন করে থাকেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দু’জনকে একসঙ্গে দেখাও গেছে। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নারী নির্মাতা। মাদক মামলায়পরীমণি আটকের পর জিজ্ঞাবাদের জন্য চয়নিকাকেও নিয়ে যাওয়া হয়েছিলো ডিবির কার্যালয়ে।
সে সময় বিষয়টি নিয়ে অনেক জল্পনা হলেও ডিবি জানিয়েছিলেন কেবল জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা।
এরপর পর থেকে পরীমণির পাশে আর দেখা যায়নি এই নির্মাতাকে। পরীকে নিয়ে একটা ওয়েব ফিল্ম নির্মাণের কথা থাকলেও সেটার শুটিংয়েরও কোনো খবর দিতে পারছিলেন না তিনি।
কারাগার থেকে জামিনে পরীমণি মুক্ত হওয়ার পর অনেকের সঙ্গে দেখা গেলেও দেখা যায়নি চয়নিকার সঙ্গে। এবার দেখা গলো। কারামুক্তির প্রায় দুই মাস পর।
পরীমণির নতুন বাসায় নায়িকার পাশে আবার দেখা গেলো চয়নিকাকে। বিশেষ কারণেই তাদের আবার একসঙ্গে হওয়া।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) মধ্যরাতে একটি ভিডিও বার্তায় একসঙ্গে হাজির হন চয়নিকা ও পরীমণি। সেখানে মূলত তারা ‘পদ্মাপুরাণ’ সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) এটি মুক্তি পেয়েছে।
রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি নিয়ে পরীমণি বলেছেন, “রাশিদ পলাশের সঙ্গে আমার একটি সিনেমায় কাজ হচ্ছে, যেটার নাম ‘প্রীতিলতা’। সবাই জানেন। সেখান থেকে আমাদের দু’বছরের জার্নি। সেই সুবাদে আমি জানতে পেরেছি, ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি পুরো টিমের বড় ধরনের ত্যাগ ও প্রতীক্ষার একটি সিনেমা। এ কারণে আমাদের সবার দায়িত্বটাও একটু ভারী। আমরা সবাই চাই, কাল (শুক্রবার) দলে দলে হল ভরে যাক। কোথাও একটা টিকিট না থাকুক। অগ্রিম টিকিট কাটতে হয় যাতে আমাদের।”
অন্যদিকে চয়নিকা বলেন, ‘আসলে প্রথমের একটা ব্যাপার আছে। আমার যখন প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল, আমার খুব ভয় লেগেছিল। আজকে নিশ্চয়ই পরিচালকের (রাশিদ পলাশ) বুকটা ধুকধুক করবে। আমরা সবাই তাকে উৎসাহ দেয়ার জন্য টিকিট কেটে হলে গিয়ে সিনেমাটি দেখব।’





