এফডিসিতে উড়ো খবরের ছড়াছড়ি, সামনে নতুন চমক?

বিনোদন ডেস্ক- শোবিজ তারকাদের নিয়ে সব সময়ই মানুষের আগ্রহ বেশি থাকে। সিনেমার পাশাপাশি তাদের ব্যক্তি জীবন নিয়ে বিভিন্ন সময় মুখরোচক খবর ভেসে বেড়ায় চলচ্চিত্র পাড়ায়। কয়েক মাস পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন খবর উড়ছে চলচ্চিত্রের ‘আঁতুড় ঘর’খ্যাত এফডিসিতে।

 

শাকিব খান সভাপতি আর নিপূণ সাধারণ সম্পাদক হয়ে প্যানেল করছেন এমন খবর প্রকাশ পেলে মিশ্র প্রতিক্রিয়া হয়। যদিও শাকিব খান বিষয়টিকে ‘উড়ো খবর’ বলে উড়িয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে শাকিব খান তখন বলেছিলেন, ‘চলচ্চিত্রের অনেকেই আমাকে অনুরোধ করছেন নির্বাচন করার জন্য। কিন্তু আমি করবো না। সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দিতে হবে। দলাদলি করে নয়।’

 

এরপরই খবর চাউর হয় নিপূণ সভাপতি আর সাইমন সাদিক সাধারণ সম্পাদ হয়ে প্যানেল দেবেন। তাদের প্যানেলে থাকবেন বাপ্পি চৌধুরী। তবে বিষয়টি নিয়ে বাপ্পি বলেন, ‘এসব কিছুই না- উড়ো খবর।’

 

এদিকে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের বিপরীতে নির্বাচন করার পর থেকেই মৌসুমীর সঙ্গে তাদের সর্ম্পক ভালো যাচ্ছিল না। সম্প্রতি ‘সোনার চর’ সিনেমায় ওমর সানি, মৌসুমী, জায়েদ খান একসঙ্গে অভিনয় করছেন। ধারণা করা হচ্ছে তাদের সম্পর্কের বরফ গলছে।

 

এ দিকে ‘সোনার চর’ সিনেমার শুটিং করতে গিয়ে ওমর সানি-মৌসুমীর সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন জায়েদ খান। গতকাল মৌসুমী আসেন চলচ্চিত্র শিল্পী সমিতিতে। এ সময় মৌসুমীর কাঁধে হাত রেখে ছবি তোলেন জায়েদ খান। ছবি তুলে দেন ওমর সানি। আসন্ন নির্বাচনে তারা কোন চমক দেখাবেন এখনও পরিষ্কার নয়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্রের একজন গুণী নির্মাতা বলেন, ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছি। অনেক কিছু দেখেছি। এখানে শেষ বলে কিছু নেই। তবে এটা সত্যি কারো সর্ম্পক তৈরি হলে সেটা অবশ্যই ভালো। বৈরিতা চলচ্চিত্রকে ধ্বংস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *