বিনোদন ডেস্ক- বিলাসবহুল প্রমোদতরীর পার্টিতে মাদক সে.ব.নের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তারকা পুত্রের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। এমন পরিস্থিতিতে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড বাদশা। এমনকি নেটিজেনদের একাংশ শাহরুখ খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
প্রিয় তারকার এমন দুঃসময়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত-অনুসারীরা। পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা শাহরুখের সমর্থনে সরব হয়েছেন। এদিকে পছন্দের অভিনেতার এমন বিপদে ফেসবুকে আবেগময় স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের চিত্রনায়ক সাইমন সাদিক।
সাইমন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘পৃথিবীতে কোনো বাবাই খারাপ না। আর বাবার কাছে কোনো সন্তান খারাপ, সেটা চিন্তাতেও আসে না। একজন বাবার কাছে সবচেয়ে খারাপ সময়টা হলো, যখন তার সন্তান বিশাল বড় একটা দুঃসময় পার করে।’
তিনি আরও লেখেন, ‘শাহরুখ খান। শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে আপনার যে সুনাম, আপনার যে মহত্ব, আপনার যে খ্যাতি, আপনার যে মানবিক দিক, সেটা হয়ত দুই-চার-দশজনের আছে। আপনার নিজের সংসারের ছবির ফ্রেম অসাধারণ, চমৎকার, ভালোবাসার। নিজের সন্তানের দুঃসময়ে আপনি যেভাবে ভেঙে পড়েছেন এটা খুব স্বাভাবিক। তবে ভুলে গেলে চলবে না, রাতের আকাশ ভোরের অপেক্ষায়। সকল জটিলতা কাটিয়ে ছেলে ফিরে আসুক ঘরে, আনন্দে ভরে উঠুক ভুবন।’
শাহরুখকে অনুরোধ করে দেশি এ চিত্রনায়ক লিখেছেন, ‘নিজের মত, নিজের ছেলের যত্ন নিন। ছেলের বন্ধুদের যত্ন নিন। শাসন, খেয়াল, আনন্দ আর ভালোবাসায় ভেসে যাক সব দুঃখ স্মৃতি।’
এ বিষয়ে পরে গণমাধ্যমের সঙ্গে কথা হয় সাইমনের। তিনি বলেন, ‘আমার পছন্দের অভিনেতা শাহরুখ। বলা যায়, তাঁর কাজ দেখে অনুপ্রাণিত হয়েছি। এর কারণ তিনি শূন্য থেকে শুরু করে একটু একটু করে তারকাখ্যাতি, সম্মান অর্জন করেছেন। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে এমন কোনো ঘটনা নেই, যা তাঁকে এভাবে ছোট করেছে। একজন সফল মানুষের জীবনটা সন্তানের জন্য থেমে গেছে। অনেকেই বলার চেষ্টা করছেন, শাহরুখ খান তাঁর সন্তানকে সময় দেননি, ঠিকমতো দেখা করতে পারেননি। ব্যস্ততার কারণে সেটা হতেও পারে। কিন্তু পৃথিবীতে কোনো বাবাই খারাপ নন। এমনকি বাবার কাছে কোনো সন্তান খারাপ, সেটা চিন্তাতেও আসে না।’
সাইমন আরও বলেন, ‘একজন বাবার কাছে সবচেয়ে বড় দুঃসময় সন্তানের বিপদ। সন্তানের জন্য শাহরুখ খারাপ সময় পার করছেন। শুটিং বন্ধ করেছেন। মানুষের নানান কথা শুনছেন। শাহরুখ খান, শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীজুড়ে তাঁর খ্যাতি। তার মানসিক দিকটাও আমাকে মুগ্ধ করে। কিন্তু সাম্প্রতিক ঘটনায় প্রিয় তারকার জন্য মানসিকভাবে কষ্ট পাচ্ছিলাম। আমিও একজন বাবা। সারা জীবন একজন শাহরুখ খান, তাঁর সন্তানের, তাঁর পরিবারের জন্য সবকিছু করেছেন। যে যা চেয়েছেন, তা–ই দিয়েছেন। সেই বাবাকে এখন শুনতে হচ্ছে, ছেলেকে কোনো সময় দেননি। বাবা ব্যস্ত থাকলেই কি ছেলে বিপথে যাবে?’
