শাবনূরকে ঘিরে আফসোস মাহিয়া মাহির

বিনোদন ডেস্ক- সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ঢাকাই ছবির আলোচিত নায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে নিজের আপডেট দেন ভক্তদের। আবার হেয়ালি পোস্ট করেও নেটিজেনদের চর্চার বিষয়ে পরিণত হন। অবশ্য নিজের বিয়ের খবরে সম্প্রতি বেশ আলোচনায় রয়েছেন তিনি।

 

এরই মধ্যে ফেসবুকে মঙ্গলবার এক পোস্টে দিয়ে খবরের শিরোনাম হয়েছেন। হাতের নয় আঙুল তুলে নিজের ক্যারিয়ারের বয়স জানিয়ে দিলেন এ নায়িকা। জানালেন, ঢালিউডে পা রাখার পর ৯ বছর পেরিয়ে গেছে তার। তবে এরই সঙ্গে ঢাকাই ছবির নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূরকে ঘিরে এক আফসোসের কথাও জানালেন মাহি।

 

অকপটেই স্বীকার করলেন, শাবনূরের মতো জনপ্রিয়তা পাননি তিনি। তার মতো ভালোবাসাও পাননি সিনেপ্রেমীদের কাছ থেকে। তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন সেই পথে।

 

মাহি বলেন, ‘ভক্তরা আমার সিনেমা দেখতে চান, আমাকে পছন্দ করেন, আমাকে ফেসবুকে অনুসরণ করেন, এটা আমার বড় পাওয়া। চলচ্চিত্রে এসে এমন অনেক কিছু পেয়েছি। এত তাড়াতাড়ি পাব, ভাবিনি। আবার আফসোসও আছে। দেশের একদম সীমান্তে এলাকায় গিয়েও যদি কাউকে বলা যায়, শাবনূরকে চেনেন কি না? সঙ্গে সঙ্গে তাঁরা চিনতে পারবেন। তিনি সেভাবেই দর্শকের কাছে পৌঁছেছেন। দেশের আনাচকানাচে শাবনূর আপাকে দর্শক চেনেন। সেই জায়গায় হয়তো এখনো সেভাবে দর্শকের কাছে পৌঁছাতে পারি নাই। সে রকম একটা জায়গায় গেলে আফসোস কমত। যেতে পারব কি না, জানি না। দেশের সব শ্রেণির দর্শক যেন আমার কাজকে পছন্দ করেন, এখনো সেই চেষ্টা করছি।’

 

প্রথম সিনেমা মুক্তির পর মাহিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের বছরই মুক্তি পায় তাঁর চারটি সিনেমা। সেই বছর, ২০১৩ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ সিনেমার পরি চরিত্রটি তাঁর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করে। পরের বছর মুক্তি পায় ছয়টি সিনেমা। ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা: দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’ সিনেমাগুলো তাঁর ক্যারিয়ারকে আরও বেশি পাকাপোক্ত করে। পরে কিছুটা বাছবিচার করে কাজ করতে থাকেন মাহি। হুমায়ূন আহমেদের গল্প নিয়ে ‘কৃষ্ণপক্ষ’, পরে ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’সহ একাধিক সিনেমায় নতুন করে নিজেকে পর্দায় হাজির করেন।

 

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে আসা মাহি এখনো তাদের প্রতি কৃতজ্ঞ। আজ তিনি ফেসবুকে লিখেছেন, ‘ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া। ওপরওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *