শাহরুখের ছেলেকে আটক করেছে এক বলিউড অভিনেত্রীর স্বামী

বিনোদন ডেস্ক- সমীর ওয়াংখেড়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একজন কর্মকর্তা। সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকসহ গ্রেফতার করে আলোচনায় এসেছেন।

 

তবে অতীতেও এমন অনেক মাদক উদ্ধার ও কর ফাঁকির তদন্ত কার্যক্রম তিনি চালিয়েছেন। বলিউডের একটি অংশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম এই ভারতীয় কর্মকর্তা।

 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদকের যোগসূত্র প্রথম বের করেন এই সমীরই। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের স্বর্ণট্রফির করও ফাঁকি দেয়া যায়নি সমীরের কল্যাণে। সমীরের কাছে গোপন সূত্রের খবর ছিল বলিউডের কোন অভিনেতার ছেলে প্রমোদতরীতে মাদকসহ থাকতে পারেন। আর সেখানেই হাজির ভারতের বাস্তব জীবনের এ নায়ক। ছদ্মবেশে গিয়ে আটক করেন শাহরুখের ছেলে আরিয়ানকে।

 

এরপর জনপ্রিয় বলিউড গায়ক মিকা সিংকে বিদেশী মুদ্রাসহ গ্রেফতার করেন সমীর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও পরবর্তীতে রিয়া চক্রবর্তীর মাদক কেলেঙ্কারির তদন্তের দায়িত্বও ছিল তার উপর। তদন্তে তিনি ৫০ জন অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করেন যারা মাদকের সাথে কোনোভাবে যুক্ত। জেরা করেছিলেন দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং ও অর্জুন রামপালের মত জনপ্রিয় ও প্রভাবশালী তারকাদের।

 

তবে পেশাগত জীবনে কঠোর হলেও ব্যক্তিজীবনে খুবই সাধারণ জীবনযাপন করেন সমীর। বলিউড আতঙ্ক হলেও তিনি বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী ক্রান্তি রেদকরেরকে। ২০০৩ সালে অজয় দেবগনের ‘গঙ্গাজল’ ছবিতে কাজ করেছেন ওই অভিনেত্রী। একাধিক মারাঠি ছবিতেও অভিনয় করেছেন ক্রান্তি। মারাঠি সিনেমা ‘কাকন’ পরিচালনাও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *