প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে : পররাষ্ট্রমন্ত্রী

নজর২৪, সিলেট- মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

 

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেওয়া দুটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘মিয়ানমার সীমান্ত দিয়ে সব ধরণের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে… মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু অবৈধ কর্মকাণ্ড বন্ধে এখন থেকে গুলি চালানো হবে। তাহলেই মানব, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ হবে।’

 

তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

মন্ত্রী বলেন, রোহিঙ্গা নেতা হ.ত্যার ঘটনায় জড়িতরা আইনের আওতায় আসবে। নিজেদের ব্যবসার জন্য বিভিন্ন এনজিও সংস্থা বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

 

এসময় সিলেটের বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক ১২ বছরেও ১২ কিলোমিটার সড়কের কাজ করতে না পারায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের নিজ থেকে অব্যাহতি নেওয়া উচিৎ বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

 

মন্ত্রী বলেন, প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০ সালে বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু এখনো শেষ হয়নি। ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার কাজ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ব্যর্থতার জন্য আমাদের জন্য দু:খের, যারা এই রাস্তা ব্যবহার করছেন তাদের জন্যও দু:খের। আর যারা এই কাজের দায়িত্বে (সওজ কর্মকর্তারা) ছিলেন তাদের জন্য লজ্জার। লজ্জায় তাদের চাকরি ছেড়ে দেয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *