জীবন থাকতে আমি ঢাকার মাটি ছাড়বো না: ইশরাক

নজর২৪, ঢাকা- ঢাকা দক্ষিন সিটির বিএনপির সাবেক মেয়র পার্থী ইশরাক হোসেন বলেছেন, কোনো পদ-পদবির জন্য রাজনীতিতে আসিনি। আমি রাজনীতিতে আসছি যখন দেশে চরম সংকট, মানুষের কোনো অধিকার নেই। আজীবন মানুষের কল্যাণে, অধিকার আদায়ে রাজপথে থাকবো।

 

সোমবার (৪ অক্টোবর) রাজধানীর গোপীবাগে নিজ বাসার সামনে অনুসারীদের সামনে বিএনপি নেতা ইশরাক হোসেন এসব কথা বলেন।

 

সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন করে বিএনপি। এই নতুন কমিটিতে তেমন কোনো পদ তিনি পাননি। তবে নতুন কমিটি গঠনের সময় শীর্ষপদে আলোচনায় ছিলেন ইশরাক হোসেন। এরপর তিনি চলে যান দেশের বাইরে। তারপর থেকে গুঞ্জন ওঠে, কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে অভিমান করে দেশ ছেড়েছেন ইশরাক।

 

এ নিয়ে ইশরাক বলেন, ‘আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম। অনেক জায়গায় মিথ্যা সংবাদ এসেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, কোনো পদ-পদবি, এমপি-মন্ত্রী, মেয়র কোনো কিছু হওয়ার জন্য রাজনীতিতে আসিনি। আমি রাজনীতিতে আসছি যখন দেশে চরম সংকট, মানুষের কোনো অধিকার নেই। আজীবন মানুষের কল্যাণে, অধিকার আদায়ে রাজপথে থাকবো।’

 

তিনি বলেন, ‘এই ঢাকার মাটিতে আমার জন্ম। ঢাকার মাটিতে আমার বাবার কবর। জীবন থাকতে এই ঢাকার মাটি ছাড়বো না। যদি মৃত্যুও হয়, ঢাকার রাজপথেই যেন হয়।’

 

কয়েক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত রোববার (৩ অক্টোবর) দেশে ফেরেন বিএনপির এ তরুণ নেতা। সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে শতাধিক নেতাকর্মী উপস্থিত হন।

 

এ সময় ইশরাক হোসেন পার্টি অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি পার্টি অফিসের ভেতরে মহানগর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *