জনতার চাপে ভেস্তে গেল শুটিং, ঢাকায় ফিরছেন অপু বিশ্বাস ও জয়

বিনোদন ডেস্ক- গত পাঁচ দিন ধরে পাবনার পাকশিতে চলছিল সোলায়মান আলী লেবুর চলচ্চিত্র ‘প্রেম প্রীতির বন্ধন’র শুটিং। প্রথমদিন থেকেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। কারণ ছবির শুটিং আর ‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখার আগ্রহ।

 

ভিড় এতটাই বেড়েছিল যে, ১৪ দিনের শুটিং পাঁচ দিন চলার পরই বন্ধ করে দিতে হয়েছে। আর এ কারণে আজ (৪ অক্টোবর) ঢাকায় ফিরছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরীসহ পুরো টিম।

 

জানা যায়, আপাতত স্থগিত করা হয়েছে ছবির কাজ। অভিনেতা জয় চৌধুরী বলেন, ‘কয়েকদিন ধরেই উপচে পড়া ভিড় ছিল। আমাদের শুটিং প্রায়ই বিঘ্ন হতো। তবে গতকাল থেকে এটা এতটাই বেড়ে যায় যে, শুটিং চালানো সম্ভব হয়নি। তাই আমরা আজ সবাই ঢাকায় ফিরছি।’

 

জানা গেছে, পাবনায় গান ও অ্যাকশন দৃশ্যের শুটিং করার কথা ছিল ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির ইউনিটের। কিন্তু অপু বিশ্বাসের শুটিংয়ের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষজন তাকে দেখতে ভিড় জমান। এতে বিপাকে পড়েন ছবির পরিচালক সোলায়মান আলী লেবু। অবশেষে তারা শুটিং বন্ধ রেখেই ঢাকার পথে রওনা দেন।

 

জয় চৌধুরী বলেন, পর্যাপ্ত পুলিশি সহায়তা ও নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও শুটিংয়ের পরিবেশ না থাকায় ক্যামেরা ক্লোজ করেই ফিরছি। কারণ, অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য পুরো শুটিং ইউনিট ঘিরে ফেলে স্থানীয়রা। এতে স্বাভাবিকভাবে কাজ করা বিঘ্ন হয়ে পড়ে। ঢাকায় ফিরে ছবির বাকি অংশের কাজ করব। আর পাবনায় যে কাজগুলো হওয়ার কথা ছিল তা ঢাকার আশপাশে মনোরম কোনো লোকেশনে করার সিদ্ধান্ত হয়েছে।

 

অপু-জয় ছাড়াও ‘প্রেম প্রীতির বন্ধন’-এ আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।

 

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতমাসে মুক্তি পায়। অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ এবং ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *