অভিযোগের প্রমাণ পেয়েছে সিআইডি, পরীমণির বিরুদ্ধে চার্জশিট দাখিল

নজর২৪, ঢাকা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে সিআইডি। চার্জশিটে পরীমনি ছাড়াও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।

 

সোমবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

 

তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্র বলছে, এই অভিনেত্রীর বিরুদ্ধে মাদক মামলায় যেসব অভিযোগ করা হয়েছে, তার সবই প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকেসহ তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করে র‍্যাব-১। এ সময় তার বাসা থেকে বিদেশি মদের খালি বোতল, বোতলভর্তি মদ, ইয়াবা, আইস ও এলএসডি জব্দ করা হয়। পরে বনানী থানায় র‍্যাব-১ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

 

গ্রেফতার হওয়ার পর পরীমণিকে তিন বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেফতারের ২৬ দিন পর গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পান পরীমণি।

 

এ বছরের জুনের মাঝামাঝি পরীমণি অভিযোগ আনেন ওই মাসের ৯ তারিখ রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়। এরপর ওই ঘটনায় তিনি মামলা করেন। ওই মামলায় প্রধান আসামি করা হয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে। পরীমণির করা ওই মামলায় গ্রেফতারও হন নাসির উদ্দিন।

 

পরে ব্যবসায়ী নাসির উদ্দিনের জামিন হয় আর মাদক মামলায় গ্রেফতার হন পরীমণি।

 

এদিকে গত ২৮ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনিকে তার হ্যারিয়ার গাড়ি, আইফোন, ল্যাপটপসহ জব্দ ১৬টি আলামত ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *