শাকিব খানের সঙ্গে আমাকে অনেকে মানতে পারছে না: পূজা চেরি

বিনোদন ডেস্ক- একটি গ্রাম। সেখানে থাকে এক জুটি। লালু আর মালা। তাঁদের সুখের সংসার। লালু সারা বছর গতর খেটে উপার্জন করে। খেয়া ঘাটের মাঝি সে। সীমিত উপার্জন, কিন্তু তাতে সুখ অনেক। বছরে একবার, যখন গাঁয়ে আসে নৌকা বাইচের মৌসুম; লালুর খাওয়া-ঘুম থাকে না। ওইদিন, যেদিন নৌকা বাইচ দেখার লাগি বিশ গাঁয়ের লোক একখানে হয়, ওইদিন দেখা যায় লালুর খেল।

 

লালুর বউ মালা। তাঁরা যেনো এক আত্মা। সত্যিকারের জোড়া তাঁরা, য্যান নাইমা আইছে আসমানথে। কিন্তু তাঁদের এই সুখের সংসারে একদিন অশান্তির তাপ এসে লাগে। ছারখার হয়ে যায় সব…

 

গল্পটা আরেকটু আগানো গেলে ভালো হতো। কিন্তু শুধু গল্পের প্লট, শুটিংয়ের ছবি, চরিত্রের নাম, শুটিং লোকেশন- এসব দেখে গল্পটা নিয়ে এরচেয়ে বেশি আন্দাজ করা যাচ্ছে না। ‘গলুই’ ছবি নিয়ে এ পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে, তা দেখে-শুনে জোর সন্দেহ- ছবিটার আবহ এ রকমই হতে যাচ্ছে।

 

‘গলুই’য়ে লালু হয়েছেন শাকিব খান। আর লালুর সেই মালা হয়েছেন পূজা চেরি। গত কয়েকদিন ধরে শুটিং চলছে জামালপুরের মাদারগঞ্জে। ছবিতে ‘মাঝি’ শাকিবের লুক কেমন হবে, এটা নিয়ে সবার মধ্যে এক ধরনের আগ্রহ ছিল। দু-দিন আগেই শাকিব খান তাঁর ফেসবুক পেজ থেকে নতুন লুকের ছবিটা ছড়িয়ে দিয়ে ভক্তদের আগ্রহ মিটিয়েছেন। সোমবার পূজার পেজ থেকেও একটি ছবি ছড়িয়ে গেল।

 

একফ্রেমে শাকিব খান ও পূজা চেরি। ব্যাপারটা আগেও অনেকবার ঘটেছে। ‘সন্তান আমার অহংকার’, ‘মাই নেম ইজ খান’ ছবিগুলোতে একসঙ্গেই অভিনয় করেছেন তাঁরা। কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারেই আলাদা। একেবারেই স্পেশাল।

 

এতদিন পূজা ছিলেন শাকিবের ছবিতে শিশুশিল্পী। আর এবার নায়িকা। এই প্রথম। পূজা চেরির খুশি তো ধরে না! আনন্দে ঘুম আসে না তাঁর! সে আনন্দের ঝিলিক শুটিংয়ে তোলা ছবিতেও স্পষ্ট পূজার চোখেমুখে। সবুজ তাঁতের শাড়ি পরে, চিকন চুড়ি, কপালে টিপ- যেনো নিপুণ ছিমছাম গৃহবধু পূজা। মাঠের মাঝখানে বরের সঙ্গে গল্পে মেতেছেন।

 

চারপাশে সবুজ ধানক্ষেত। বাঁশ-খুটি দিয়ে বানানো টেম্পোরি একটা ঘর ক্ষেতের মাঝে। বেড়ায় একটা তবলা ঝুলছে। এমন ব্যাকগ্রাউন্ডে শাকিব-পূজা শট দিচ্ছেন। এই ছবিটি ফেসবুকে আপলোড করে, পূজা চেরি ক্যাপশনে লিখলেন তিনটি মাত্র শব্দ- #গলুই, #লালু, #মালা।

 

সিনেমাটির প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে পূজা গণমাধ্যমকে বলেন, ‘আমি নিজেও জানি না কীভাবে পেরেছি! নিজের ওজন বাড়িয়েছি। যে আমি ওজন ১ কেজি থেকে ২ কেজি বাড়লেই পাগল হয়ে যেতাম সে আমি ওজন বাড়িয়ে ফেলেছি ৪ থেকে ৫ কেজি। এই হচ্ছে প্রথম প্রস্তুতি।’

 

পূজা চেরি আরও বলেন, ‘এ সিনেমার গল্প এখনকার সময়ের না। কিছু বছর আগের কাহিনি। গল্পের জন্য আমাকে অনেক পেছনে যেতে হয়েছে। ওই সময়ের চরিত্র নিয়ে স্টাডি করতে হয়েছে। কথা বলার ধরন, হাঁটা চলা সব কিছু আয়ত্ত করতে হয়েছে।’

 

এর আগে শিশু শিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন পূজা চেরি। এবার ঠিক শাকিব খানের বিপরীতে, নায়িকা চরিত্রে। জানতে চাইলে অভিনেত্রী স্বভাবসুলভ হাসিতে বলেন, ‘এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। হিরোইন হিসেবে প্রথমবার উনার সঙ্গে কাজ করতে যাচ্ছি। আলাদা একটি ভালো লাগা তো অবশ্যই আছে। আমি আসলে এক্সসাইটেড। কারণ অনেকে প্রশ্ন তুলছে, শাকিব খানের সঙ্গে পূজার কীভাবে মানাবে? মেনে নিতে পারছে না অনেকে। পরিচালক তো অনেক অভিজ্ঞ। তিনি বুঝে শুনেই আমাকে কাস্ট করেছেন। সে জায়গা থেকে আমি সবাইকে বুঝিয়ে দিতে চাই, যে সবই সম্ভব।’

 

পূজা কী তাহলে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে? উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘ডেফিনেটলি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। প্রতিটা কাজ আমার জন্য চ্যালেঞ্জিং। এস এ হক অলিক ভাইয়ার সাথে এই প্রথম কাজ। নতুন ইউনিট, নতুন সিনেমা- সবদিক থেকে চিন্তাও হচ্ছে, ভালোও লাগছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *