বিনোদন ডেস্ক- কলকাতার নায়িকা শ্রাবন্তী চেনেন না অভিনেতা জায়েদ খানকে, অথচ নায়ক বলছেন এটা মিথ্যা কথা। শুরুর আগেই মহা গণ্ডগোল ‘জখম’ জুটির। ভাবছেন ব্যাপারটা কী? আসলে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর ঢালিউডের নায়ক জায়েদ খানের বিপরীতে ‘জখম’ ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী।
গত জুলাই মাসে এই ছবির মহরতে ঘোষিত হয়েছিল অভিনেতা তথা ঢাকা শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী নায়িকা অপু বিশ্বাস। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই সিদ্ধান্ত বদল। অপু আউট আর শ্রাবন্তী ইন- হওয়ার বিষয়টি জানিয়েছেন স্বয়ং ‘জখম’ ছবিটির প্রযোজক সেলিম খান ও পরিচালক অপূর্ব রানা।
এই খবর জানাজানি হতেই বাংলাদেশের সংবাদমাধ্যমকে শ্রাবন্তীর ম্যানেজার সুমন দে জানান, এখনও অভিনেত্রী এই সিনেমাটির চুক্তিবদ্ধ হননি। পরিচালক-প্রযোজকের সঙ্গে কথা হলেও লিখিত কোনও চুক্তি স্বাক্ষর করেননি নায়িকা। পাশাপাশি নায়ক জায়েদ খানকে চেনেন না শ্রাবন্তী, এমন কথা জানান সুমন।
জায়েদ খান প্রসঙ্গে শ্রাবন্তীর ম্যানেজার সুমন বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে বারবার জায়েদ খান নামটি বলা হচ্ছে। এর চেয়ে বেশি তার সম্পর্কে দিদি (শ্রাবন্তী) জানেন না। তিনি নাকি বাংলাদেশের জনপ্রিয় নায়ক, এটাও বলা হয়েছে।’
এই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দেন জায়েদ। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শ্রাবন্তী এর আগে শ্যুটিংয়ের কাজে বাংলাদেশে গিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে গিয়েছিলেন। তখন দুই বাংলার সিনেমা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে তাঁদের।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রাবন্তী-জায়েদের সেই সাক্ষাত্-এর ছবিও। পরবর্তী সময়েও ফোনে দু-বার সিনেমার ব্যাপারে আলোচনা হয়েছে শ্রাবন্তীর সঙ্গে জানান জায়েদ।
এর আগে শাপলা মিডিয়ার মালিক সেলিম খান বলেন, ‘শ্রাবন্তী খুবই ভালো ও জনপ্রিয় অভিনেত্রী। এ দেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা আছে। সেজন্যই তাকে ‘জখম’ সিনেমায় চূড়ান্ত করেছি। এতে সিনেমায় দুই বাংলার দর্শকেরই আগ্রহে থাকবে। শিগগিরই এই ছবির কাজ শুরু করবো আমরা।’
‘সোনার চর’ নামের গ্রামীণ পেক্ষাপটের একটি সিনেমা নিয়ে প্রচণ্ড ব্যস্ত জায়েদ খান। সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নবাগতা স্নিগ্ধা। আরও আছেন মৌসুমী ও ওমর সানী। সিনেমার বেশ কিছু দৃশ্য ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। গ্রামীণ যুবকের লুকে প্রশংসা কুড়িয়েছেন জায়েদ খান।
