নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল রাকিব আল হাসান হামিম (১৯) নামে এক যুবকের। রবিবার দুপুরে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিব আল হাসান হামিম রবিবার দুপুরে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের চরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে ঘাসের খাঁচা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় লক্ষিপুর মসজিদের কাছে আসার পর বজ্রপাতের বিকট শব্দ হয়। সে সময় হামিম আহত হয়ে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বজ্রপাতে কারও নিহত হওয়ার খবর পাননি বলে জানান।





